Bengal Liberty:
দিল্লিতে ছাত্র আন্দোলন ঘিরে পুলিশের পদক্ষেপ নিয়ে দেশজুড়ে বিতর্কের আবহে এবার সরব হলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। বলিউডের অনুরাগ কাশ্যপ, রীতেশ দেশমুখ, শাবানা আজমি-সহ একাধিক তারকার প্রতিবাদের পর তিনিও সমাজমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। রাজনৈতিক ইস্যুতে সাধারণত প্রকাশ্যে মন্তব্য করেন না অরিজিৎ। তবে আরজি কর-কাণ্ডের পর থেকে তাঁর একটি ব্যক্তিগত বা ‘গুপ্ত’ সমাজমাধ্যম অ্যাকাউন্টে বিভিন্ন সমসাময়িক ঘটনা নিয়ে মতামত জানাতে দেখা যায়। দিল্লির সাম্প্রতিক ঘটনাতেও সেই অ্যাকাউন্ট থেকেই তিনি প্রতিবাদ জানান।

অরিজিতের বক্তব্য
পোস্টে অরিজিৎ লেখেন, “এ বার তো ছাত্রছাত্রীদেরও মারধর করা হচ্ছে। দিল্লি পুলিশের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি একবারও লজ্জা করছে না? আর নেতা-মন্ত্রীদের বলছি, কী চলছে এগুলো? আপনারা কি সত্যিই নিজেদের ঈশ্বর বলে ভাবতে শুরু করেছেন? সব কিছুর হিসাব মানুষ মনে রাখবে। মনে রাখবেন, এই পৃথিবীতে একমাত্র স্থায়ী সত্য হল পরিবর্তন। হর হর মহাদেব।”

অরিজিতের এই পোস্ট মুহূর্তের মধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকেই তাঁর স্পষ্ট অবস্থানের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ মত প্রকাশ করেছেন যে, দেশের গুরুত্বপূর্ণ সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে শিল্পীদের আরও বেশি করে মুখ খোলা উচিত।দিল্লিতে ছাত্র আন্দোলন ও পুলিশি পদক্ষেপকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা এবং জনমত ক্রমশ তীব্র হচ্ছে। এই আবহে অরিজিৎ সিংয়ের প্রকাশ্য প্রতিবাদ নতুন করে বিষয়টিকে জাতীয় স্তরের আলোচনায় এনে দিয়েছে।


