Bengal Liberty: ২১ জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ থেকে একসময়ের হেভিওয়েট নেতা মনীশ গুপ্তকে তীব্র আক্রমণ করল কংগ্রেস। এদিন শহিদ মিনার ময়দানের সমাবেশ থেকে মনীশ গুপ্তের প্রতিকৃতি কাঠগড়ায় দাঁড় করিয়ে প্রকাশ্য গণবিচার করা হয়। এই প্রতীকী বিচারেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাঁর নামে এফআইআর দায়ের করা হবে এবং দ্রুত তদন্ত শেষ করে তাঁকে বিচারের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের কাছে আর্জি জানানো হবে। ২১শের এই কর্মসূচি থেকেই প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি অমিতাভ চক্রবর্তী এই কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেন।

অন্যদিকে, বিধানসভায় সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের রিপোর্ট পেশের প্রক্রিয়াকে সামনে রেখে রাজ্যের বর্তমান শাসক শিবিরকেও একহাত নেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর বিস্ফোরক অভিযোগ, বর্তমান মুখ্যমন্ত্রীও একসময়ে তৎকালীন তৃণমূল সরকারের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, তাই অতীতে ওই রিপোর্ট চেপে দেওয়ার সিদ্ধান্তের সঙ্গে তিনিও সমভাবে জড়িত এবং এর শরিক। সব মিলিয়ে, একুশের শহিদ দিবসের কর্মসূচি থেকে পুরনো কমিশনের রিপোর্ট ও মনীশ গুপ্তের প্রসঙ্গ টেনে কংগ্রেসের এই আক্রমণ রাজ্য রাজনীতিতে নতুন চাঞ্চল্য সৃষ্টি করেছে।


