Bengal Liberty : ১৩ থেকে ২৮ বছর বয়সি তরুণদের নিয়ে গঠিত ‘জেন-জি’-দের বিক্ষোভ বর্তমানে সরকারের আতঙ্কের অন্যতম নাম (Gen Z protest)। বিশ্বজুড়ে তথা দেশজুড়ে দুর্নীতির জবাবদিহি নিশ্চিত করার প্রচেষ্টায় রত যুবসমাজ। তাঁদের সক্রিয় অংশগ্রহণই এখন দেশের অন্যতম চালিকাশক্তি। এই তো দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ। ফলাফল : শিক্ষামন্ত্রীর পদত্যাগ, NEET-সহ পরীক্ষায় প্রশ্নফাঁস রুখতে সংস্কারের উদ্যোগ। আবার ঝাড়খণ্ডে ছাত্রনেতা দেবেন্দ্রনাথ মাহাতোর নেতৃত্বে আন্দোলন চলছে। দাবি একটাই-শিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় চাই স্বচ্ছতা (Gen Z protest )।

তরুণদের মুহুর্মুহু প্রতিবাদী হয়ে ওঠার কারণ কী? (Gen Z protest)
তরুণদের প্রতিবাদে নামার পেছনে নানা কারণ কাজ করে। অর্থনৈতিক অনিশ্চয়তার সবচেয়ে বেশি শিকার হন তাঁরাই। স্থবির অর্থনীতি তরুণদের দীর্ঘস্থায়ী বেকারত্বের দিকে ঠেলে দেয় এবং শিক্ষিত গ্র্যাজুয়েটদেরও জীবনে উন্নতির স্বপ্নকে ধাক্কা দেয়। তার উপর প্রশ্নফাঁস যেন দেশে জলভাত হয়ে উঠেছে। তাছাড়া প্রাতিষ্ঠানিক রাজনীতিতে তরুণদের প্রতিনিধিত্বের অভাবও প্রকট। জ্যেষ্ঠ বা প্রবীণ রাজনীতিকদের দ্বারা পরিচালিত শাসনব্যবস্থা তরুণ প্রজন্মকে তাঁদের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জায়গা থেকে দূরে রাখে। জেন-জি আন্দোলনগুলোকে এই প্রবণতাগুলিরই প্রতিফলন বলা যেতে পারে। যেসব দেশে জেন-জি আন্দোলন দেখা গিয়েছে, তার বেশির ভাগ ক্ষেত্রেই রয়েছে দীর্ঘস্থায়ী দুর্বল অর্থনীতি, উচ্চ যুব বেকারত্ব এবং প্রবীণ রাজনৈতিক ব্যক্তিদের শাসন। তাঁদের বয়স দেশের গড় জনসংখ্যার তুলনায় অনেক বেশি। উদাহরণস্বরূপ, নেপালে যুব বেকারত্বের হার প্রায় ২০ শতাংশ এবং মরক্কোয় তা আশঙ্কাজনকভাবে ৩৫ শতাংশ। দুটি দেশের অর্থনীতিই কোভিড-১৯ মহামারির ধাক্কায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে জেন-জি আন্দোলনের মূল স্লোগানটি যেন দুর্নীতির বিরুদ্ধেই।

জেন-জি আন্দোলনে নড়েছে সরকারের ভিত (Gen Z protest)
বিশ্বের বিভিন্ন প্রান্তে জেন-জি-র নেতৃত্বে আন্দোলন সরকারকে বড় রাজনৈতিক চাপে ফেলেছে। নেপালে ২০২৫ সালে সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে জেন-জি আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। বাংলাদেশে ২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র-জনতার বৃহত্তর বিক্ষোভ তৈরি হয়। শেষ পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান। শ্রীলঙ্কায় ২০২২ সালের আন্দোলনেও তরুণদের বড় ভূমিকা ছিল। আন্দোলনের চাপে গোতাবায়া রাজাপক্ষে পদত্যাগ করেন। সার্বিয়ায় ২০২৪-২৫ সালে ছাত্রদের আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী মিলোশ ভুচেভিচ পদত্যাগ করেন। ইন্দোনেশিয়াতেও ২০২৫ সালে সাংসদদের বিপুল ভাতা বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় এবং দুর্নীতির প্রতিবাদে তরুণদের নেতৃত্বে বিক্ষোভ শুরু হয়। আন্দোলন তীব্র হলে সরকার সাংসদদের ভাতা ও অন্যান্য সুবিধা কমানোর সিদ্ধান্ত নেয়।
আরও খবর

ভারতেও দিল্লির যন্তর মন্তর তরুণদের প্রতিবাদের গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে। NEET-সহ বিভিন্ন পরীক্ষাব্যবস্থায় স্বচ্ছতার দাবিতে ছাত্রদের আন্দোলন জাতীয় স্তরে চাপ তৈরি করেছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ তাঁদের আন্দোলনে আরও অক্সিজেন জুগিয়েছে। এবার তাঁদের পরবর্তী ইস্যু E-20, এমনটাই জানাচ্ছে তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল।
আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/08/08/narendra-modi-29/


