Bengal Liberty: রাজ্যে পালাবদল ঘটলেও রাজনৈতিক হিংসার আতঙ্ক কাটেনি— এই অভিযোগ তুলে তৃণমূল উপপ্রধানের গ্রেফতারের দাবিতে বসিরহাট পুলিশ সুপারের (SP) দফতরের সামনে আমরণ অনশনে বসলেন হিন্দু সুরক্ষা সমিতির কর্মকর্তারা। সোমবার রাত থেকে মঞ্চ বেঁধে এই অবস্থান-অনশন শুরু হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

ঘটনার সূত্রপাত ও অভিযোগ (Basirhat hunger strike)
গত ১৮ মে রাতে বসিরহাটের হাসনাবাদ থানার বিশপুর গ্রাম পঞ্চায়েতের বাইলানি বাজারে বিজেপি কর্মী নিতাই দাসের লাড্ডু কারখানা ও মুদিখানা দোকানে রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।
নিতাই দাসের অভিযোগ, বিশপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান শেখ শহিদুল ও তাঁর দলবল রাজনৈতিক কারণে তাঁর ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর, দোকানে অগ্নিসংযোগ এবং লুটপাট চালায়। প্রাণের আশঙ্কায় তাঁকে পরিবার নিয়ে এলাকা ছেড়েও পালাতে হয়েছিল।হাসনাবাদ থানায় অভিযোগ জানানোর পাশাপাশি বসিরহাটের পুলিশ সুপার সহ প্রশাসনের বিভিন্ন স্তরে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত প্রধান অভিযুক্ত শেখ শহিদুলকে গ্রেফতার করা হয়নি বলে দাবি।
আরও খবর

অনশন ও প্রশাসনের ভূমিকা (Basirhat hunger strike)
অভিযুক্ত তৃণমূল উপপ্রধান ও তাঁর অনুগামীদের ভয়ে এলাকার বিজেপি কর্মী-সমর্থকরা এখনও আতঙ্কে দিন কাটাচ্ছেন বলে দাবি আন্দোলনকারীদের। অবিলম্বে তাঁকে গ্রেফতারের দাবিতে সোমবার এই আমরণ অনশন শুরু হয়। অনশনের খবর পেয়ে বসিরহাট থানার আইসি মোহাম্মদ ফিরোজ আলী ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং অনশন প্রত্যাহারের আবেদন জানান। তবে অভিযুক্তকে গ্রেফতার না করা পর্যন্ত তাঁরা অনশন চালিয়ে যাবেন বলেই সাফ জানিয়ে দিয়েছেন। এদিকে, পুরো বিষয়টি নিয়ে অভিযুক্ত তৃণমূল উপপ্রধান শেখ শহিদুলের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


