West Bengal Weather
Bengal Liberty Desk, ৬ ডিসেম্বর, কলকাতা: ডিসেম্বরেই বঙ্গে শীতের কামড়। রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে শীতের ইনিংস। কলকাতার (Kolkata) পারদ পৌঁছে গিয়েছে ১৪ ডিগ্রির ঘরে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে আরও তাপমাত্রা নামবে দক্ষিণবঙ্গে (West Bengal)। আগামী কয়েকদিনে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে পারদ। তবে নতুন সপ্তাহে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া? দেখে নিন ওয়েদার আপডেট (Weather Update)

হাওয়া অফিস (Weather Office) জানাচ্ছে, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বঙ্গে। আগামী সাতদিন শুষ্কই থাকবে আবহাওয়া। দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে গিয়েছে। রবিবার থেকে আরও পারদ পতনের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে (North Bengal) আকাশ পরিষ্কার থাকবে। দুই বঙ্গেই নতুন সপ্তাহে আরও বাড়বে শীতের আমেজ।
দক্ষিণের আবহাওয়া:
অবাধে পশ্চিমের শীতল হাওয়া প্রবেশের কারণে সকাল-সন্ধ্যে শীতের আমেজ অনুভূত হবে দক্ষিণবঙ্গে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নীচেই থাকবে। পশ্চিমের জেলাগুলিতে ১০ থেকে ১২ ডিগ্রির ঘরে নেমেছে পারদ। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানে জোরালো শীতের দাপট। আগামী ৭ দিন শুষ্ক আবহাওয়া, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালের দিকে কুয়াশায় ঢেকে যেতে পারে পথ-ঘাট। বেলা বাড়লে আকাশ পরিষ্কার হবে। উপকূলের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে।

উত্তরের আবহাওয়া:
উত্তরবঙ্গেও বাড়বে শীত। দার্জিলিংয়ে তাপমাত্রা রয়েছে ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। নতুন সপ্তাহে পার্বত্য এলাকায়ও কুয়াশার সম্ভাবনা বাড়বে। উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলাতে আবহাওয়া থাকবে মনোরম। প্রধানত শুষ্ক আবহাওয়াই থাকছে। পাহাড়েও বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে কুয়াশার পরে পরিষ্কার আকাশ থাকবে।
কলকাতার আবহাওয়া:
১৫ ডিগ্রি সেন্টিগ্রেডের নীচে নেমেছে কলকাতার পারদ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১. ৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম। আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত এর আশেপাশেই থাকবে তাপমাত্রা। দিনের তাপমাত্রা আরও সামান্য কমতে পারে বলে পূর্বাভাস। শহরে শীতের আমেজ আরও বাড়বে।
