Bengal Liberty
রাজ্য সরকারের ঘোষিত মহিলাদের আর্থিক সহায়তা প্রকল্প ‘অন্নপূর্ণা ভান্ডার’কে ঘিরে ক্ষোভ বাড়তেই চলেছে। উত্তর থেকে দক্ষিণ—রাজ্যের একাধিক এলাকায় উঠে আসছে নানা অভিযোগ (Agnimitra Paul)। ভাতার টাকা না পাওয়া এবং প্রক্রিয়াকরণে গাফিলতির অভিযোগে শুক্রবারও একাধিক জায়গায় পথ ও রেল অবরোধ করে বিক্ষোভ দেখান বঞ্চিত মহিলারা। পশ্চিম মেদিনীপুরের পরিস্থিতি এমনই হয়ে ওঠে যে, জেলাশাসকের বৈঠক ছেড়ে বিক্ষোভকারী মহিলাদের মুখোমুখি হতে বাধ্য হন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

মেদিনীপুরে মুখোমুখি মন্ত্রী ও ক্ষুব্ধ মহিলারা Agnimitra Paul
শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দফতরে একটি পূর্বনির্ধারিত বৈঠকে যোগ দিতে যান মন্ত্রী অগ্নিমিত্রা পাল। দফতরে ঢোকার মুখেই একপ্রস্থ প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। পরবর্তীতে বৈঠক চলাকালীন আচমকাই জেলাশাসকের ভবনের নীচতলায় ঢুকে পড়েন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত বহু মহিলা। তৈরি হয় চরম হইচই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুর আড়াইটে নাগাদ প্রশাসনিক বৈঠক মুলতুবি রেখে নিজেই নীচে নেমে আসেন মন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা এবং স্থানীয় বিধায়ক শঙ্কর গুছাইত।
আরও খবর
বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করে মন্ত্রী বলেন, ‘‘একটু সময় দিন। সবে তো সরকার ১০০ দিন পূর্ণ করল। আপনারা আস্তে কথা বলুন, তবেই তো আপনাদের কথা শুনতে পাব। আপনাদের সমস্যার সমাধান করতে চাই বলেই তো মিটিং ছেড়ে নেমে এলাম।’’

এক মাসেরও টাকা মেলেনি, অভিযোগ বঞ্চিতদের
বিক্ষোভস্থলে দাঁড়িয়েই মন্ত্রী জানতে চান, যাচাইয়ের প্রক্রিয়ায় কেন নাম বাদ গেল, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে গত জুন বা জুলাই মাসে কেউ টাকা পেয়েছিলেন কি না, সেই বিষয়েও তিনি জানতে চান। উপস্থিত মহিলারা সমস্বরে উত্তর দেন, তাঁরা এক মাসেরও টাকা পাননি। শুধু তাই নয়, কাগজপত্রের কাজের জন্য তাঁদের এক দফতর থেকে অন্য দফতরে চক্কর কাটতে হচ্ছে। এসডিও অফিসে গেলে বলা হচ্ছে পুরসভায় যেতে, আর পুরসভায় গেলে ফেরত পাঠানো হচ্ছে এসডিও অফিসে।
ভুক্তভোগী মহিলাদের এই ভোগান্তির কথা শুনে মন্ত্রী সঙ্গে সঙ্গে জেলাশাসককে একজন ‘নোডাল অফিসার’ নিয়োগের নির্দেশ দেন। মহিলাদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘‘আপনারা এসডিও এবং বিডিও অফিসে গিয়ে যাবতীয় তথ্য জমা দিন, সেখানেই সব কাগজ নেওয়া হবে। আমি আপনাদের সমস্যার স্থায়ী সমাধানের জন্যই উদ্যোগী হয়েছি।’’
মন্ত্রীর এই আশ্বাসের পর ধীরে ধীরে শান্ত হয় পরিস্থিতি। এরপর একে একে জেলাশাসকের দফতর থেকে বেরিয়ে যান বিক্ষোভকারী মহিলারা।


