Md Yunus
Bengal Liberty Desk, ৮ ডিসেম্বর, কলকাতা: মুহাম্মদ ইউনূসের (Md. Yunus) নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এ বছর ঢাকায় বিজয় দিবসের কুচকাওয়াজ বাতিল করলেও, ঐতিহ্য মেনে ভারতে মুক্তিযোদ্ধা ও সেনা আধিকারিকদের ২০ সদস্যের একটি প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র মেজর জেনারেল ভানগুরু রঘু এই প্রতিনিধিদল আসার খবর নিশ্চিত করেছেন।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বরে মিত্রবাহিনীর সর্বাধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিংহ অরোরার সামনে পাক বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল একে নিয়াজ়ির আত্মসমর্পণের মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতা লাভ হয়েছিল। সেই প্রথা অনুসারে প্রতি বছর ১৬ ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর একটি প্রতিনিধিদল যেমন ঢাকায় যায়, তেমনই বাংলাদেশ থেকেও মুক্তিযোদ্ধা ও সেনাকর্তাদের একটি দল কলকাতায় ফোর্ট উইলিয়ামে বিজয় দিবস উদ্যাপন অনুষ্ঠানে যোগ দিতে আসে (India Bangladesh Relation)।
গত বছর আওয়ামী লীগ (Awami League) সরকারের পতনের পর ইউনূসের নেতৃত্বাধীন ( Yunus Govt) অন্তর্বর্তী সরকারের সময়ে মুক্তিযুদ্ধের কিছু স্মারক ভাঙা পড়েছে এবং বিজয় দিবসের কুচকাওয়াজ বন্ধ হয়েছে। তবে প্রথা মেনে এই বছরও প্রতিনিধিদলটি কলকাতায় আসছে।
