Bengal Liberty: কলকাতাবাসীর জন্য বড়সড় সুখবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার পরেই সম্পত্তি করের বকেয়া নিয়ে বড়সড় ছাড়ের উদ্যোগ কলকাতা পুরসভার। কলকাতা ও হাওড়া পুরসভার তরফে আনা হচ্ছে ২০২৬ সালের সম্পত্তি কর ওয়েভার স্কিম। এর ফলে দীর্ঘদিনের বকেয়া সম্পত্তি কর মেটানোর ক্ষেত্রে সুদ ও জরিমানার বড় বোঝা থেকে রেহাই পাবেন করদাতারা।
কলকাতায় সুদ-পেনাল্টিতে ১০০% ছাড়
কলকাতা পুরসভার তরফে আনা হচ্ছে ‘কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন ইনসেনটিভ স্কিম ২০২৬’। পুরসভা সূত্রে খবর, সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত মালিকানাধীন সম্পত্তি এবং সরকারের আন্ডারটেকিংয়ের সম্পত্তির ক্ষেত্রে বকেয়া করের উপর জমা হওয়া সুদ ও জরিমানায় ১০০ শতাংশ ছাড় পাওয়া যাবে।
হাওড়াতেও সম্পত্তি কর মকুব
হাওড়া পুরসভার তরফেও সম্পত্তি করের ওয়েভার স্কিম ঘোষণা করা হয়েছে। নির্দিষ্ট সময় পর্যন্ত বকেয়া থাকা সম্পত্তি করের উপর জমা হওয়া সুদ ও জরিমানা সম্পূর্ণ মকুব করা হবে এই প্রকল্পে। ফলে বকেয়া কর মেটাতে গিয়ে করদাতাদের অতিরিক্ত আর্থিক চাপ অনেকটাই কমবে।
আরও খবর
আবাসিক সম্পত্তিতে বাড়তি সুবিধা
শুধু সুদ ও জরিমানা মকুব নয়, আবাসিক সম্পত্তির ক্ষেত্রে যোগ্য করদাতারা মূল করের উপর আরও ১০ শতাংশ ছাড় পাবেন। ফলে কলকাতা ও হাওড়ার বহু বাসিন্দার কাছে বকেয়া সম্পত্তি কর মেটানোর এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে চলেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া কর পরিশোধ করা হলে পুর প্রশাসনের রাজস্ব বাড়বে। পাশাপাশি, নাগরিক পরিষেবা আরও শক্তিশালী করার ক্ষেত্রেও এই উদ্যোগ সহায়ক হবে।


