Bengal Liberty: দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে উত্তাল পরিস্থিতি অব্যাহত রাজধানী দিল্লিতে। ককরোচ জনতা পার্টি (সিজেপি) আগামী ১০ অক্টোবর ২০২৬ তারিখে নতুন দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে ফের দেশব্যাপী একটি বিশাল বিক্ষোভ ও আন্দোলনের ডাক দিয়েছে। এই প্রতিবাদের মূল উদ্দেশ্য হলো ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অবিলম্ব পদত্যাগ এবং ভারতের নির্বাচন কমিশনের সংস্কারের দাবি তোলা।
গোটা দেশের তরুণ প্রজন্মকে ওই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সিজেপি-র কনভেনর অভিজিৎ দীপকে। দীপকে-র দাবি, যাঁরা ভারতে সুষ্ঠু, অবাধ ও স্বচ্ছ নির্বাচন চান, তাঁদের সকলের এই আন্দোলনে যোগ দেওয়া উচিত। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘জ্ঞানেশ কুমার পদত্যাগ না-করলে গোটা দেশের ককরোচ-বাহিনী মিছিল করে দিল্লি যাবে এবং আগামী ১০ অক্টোবর যন্তর মন্তরে বিক্ষোভ দেখাবে। দিল্লি পুলিশ যদি আমাদের আটকানোর চেষ্টা করে, যেখানে আটকাবে, সেটাই আমাদের যন্তর মন্তর হয়ে উঠবে।’’
নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। ককরোচ জনতা পার্টি এবং বিরোধী দলগুলি এটিকে “ভোট চুরি” বলে আখ্যায়িত করেছে। এরই প্রতিবাদে সিজেপি-র পাশাপাশি বামপন্থী ছাত্র সংগঠন এআইএসএ, এসএফআই এবং অন্যান্য নাগরিক অধিকার কর্মী ও তরুণ সমাজ শামিল হতে চলেছে বলে জানা গিয়েছে।
আরও খবর
সিজেপি-এর সহ-আহ্বায়ক সৌরভ দাস এবং দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় এই বিক্ষোভের জন্য একটি আনুষ্ঠানিক চিঠি জমা দিয়েছেন। কিন্তু দিল্লি পুলিশ এই বিক্ষোভের অনুমতি দিতে অস্বীকার করেছে। আর সেই মতো অগ্রিম পদক্ষেপও করেছে দিল্লি পুলিশ। ১০ অক্টোবরের এই সম্ভাব্য সমাবেশকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তর এবং তার আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা হয়েছে। বর্তমানে এই ঘটনার জেরে দিল্লির রাজনৈতিক পরিস্থিতি এবং আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘাত বেশ উত্তপ্ত রূপ নিয়েছে।
তবে বিক্ষোভকারীরা সাফ জানিয়ে দিয়েছেন যে, যন্তর মন্তর একটি নির্দিষ্ট প্রতিবাদ স্থল এবং শান্তিপূর্ণ প্রতিবাদের জন্য সরকারের “অনুমতি” নেওয়ার ব্রিটিশ আমলের নিয়ম তারা মানেন না। অনুমতি না মিললেও তারা ১০ অক্টোবর সেখানে শান্তিপূর্ণ জমায়েত করবেন বলে এক প্রকার হুশিয়ারির সুরে ঘোষণা করেছেন।


