Mohun bagan vs East bengal
Mohun bagan vs East bengal

ডুরান্ডের বদলা শিল্ডে! জেলকোভিচের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন মোহনবাগান!

Mohun bagan vs East bengal
Mohun bagan vs East bengal

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে চলল টানটান লড়াই। ইস্টবেঙ্গল আক্রমণে যাওয়ার চেষ্টা করলেও মোহনবাগানের রক্ষণভাগও ছিল যথেষ্ট সতর্ক। গোলের সুযোগ তৈরি হলেও শেষ মুহূর্তে ফিনিশিংয়ের খামতিতে বার বার তা নষ্ট হয়। ডার্বির চাপ যে দুই দলের ফুটবলারদের উপরই ছিল, তা ম্যাচের গতিতেই স্পষ্ট হয়ে ওঠে।

প্রথমার্ধের একেবারে শেষ লগ্নে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটি আসে। সাহালের পাস থেকে সুযোগ পেয়ে সমীর জেলকোভিচ বল জালে জড়িয়ে দেন। তাঁর সেই গোলেই বিরতিতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান।

গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় ইস্টবেঙ্গল। সমতা ফেরানোর জন্য একের পর এক আক্রমণ তৈরি করে লাল-হলুদ ব্রিগেড। পরিবর্তন এনে আক্রমণভাগকেও আরও শক্তিশালী করার চেষ্টা করেন ইস্টবেঙ্গল কোচ আন্তোনিও লোপেজ হাবাস। কিন্তু মোহনবাগানের রক্ষণভাগে বার বার আটকে যায় ইস্টবেঙ্গলের আক্রমণ।

শেষ মুহূর্ত পর্যন্ত ইস্টবেঙ্গল সমতা ফেরানোর চেষ্টা করলেও গোলের দেখা মেলেনি। বরং গোলরক্ষক বিশাল কাইথের গুরুত্বপূর্ণ ভূমিকা মোহনবাগানকে আরও স্বস্তি দেয়। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে আইএফএ শিল্ড নিজেদের ঘরে তুলল মোহনবাগান।

এই জয়ের ফলে ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে ১-৪ গোলে হারের বদলাও নিল সবুজ-মেরুন শিবির। পাশাপাশি এটি মোহনবাগানের ২২তম আইএফএ শিল্ড খেতাব। কলকাতা ডার্বির আরও একটি অধ্যায় লেখা হল, আর সেই অধ্যায়ে শেষ হাসি হাসল মোহনবাগান।

Soham Mullick
Soham Mullick

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা। ডিজিটাল মাধ্যমেই সাংবাদিকতার জগতে হাতেখড়ি। বর্তমানে Bengal Liberty-র কার্যনির্বাহী সম্পাদক হিসাবে গুরুদায়িত্ব সামলাচ্ছে। খেলাধুলা নিয়ে বিশেষ আগ্রহ। পাশাপাশি, সব ধরনের খবরের খোঁজে কাটে রাত-দিন। অভিজ্ঞদের থেকে প্রতিনিয়ত শেখার আগ্রহ রয়েছে। কাজের বাইরে নেশা বলতে, সঙ্গীত চর্চা এবং ড্রামস বাজানো।