Bengal liberty : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে ককরোচদের করা বিক্ষোভ মিছিলে উত্তপ্ত দিল্লির রাজপথ। এই বিক্ষোভ মিছিলে অংশ নিতে গিয়ে রীতিমতো পুলিশের হাতে আক্রান্ত হতে হল সিপিএমের রাজ্যসভার সাংসদ জন ব্রিটাসকে। সোশাল মিডিয়ায় পোস্ট করে সিপিএম সাংসদ এমনটাই দাবি করেছেন। এদিন ভিডিও পোস্ট করে সিপিএম সাংসদ জানান, বিক্ষোভ চলাকালীন তাঁকে জোর করে পুলিশ ভ্যানে তোলা হয় ও তাঁকে মারধর করা হয়। এরপর তাঁকে রাস্তার ধারে ঠেলে ফেলে দিয়ে যায় পুলিশ। সাংসদ জেনেও তাঁর সঙ্গে ঠিক মতো ব্যবহার করা হয়নি।
দিল্লি পুলিশের বিরুদ্ধে নিগ্রহের অভিযোগ সাংসদের
সিপিএম সাংসদ জানিয়েছেন, পুলিশ ভ্যানে তাঁর সঙ্গে এমনভাবে মারধর করা হয়েছিল যে তাঁর একটা সময় শ্বাসকষ্ট হতে শুরু করে। প্রথমদিকে তিনি অসুবিধার কথা জানালেও ছাড়া হচ্ছিল না। এরপর ডেপুটি কমিশনার পদমর্যাদার এক আধিকারিক বিষয়টি দেখতে পান। তখন পুলিশ কর্মীদের নির্দেশ দেন ছেড়ে দিতে। সাংসদ জানিয়েছেন, ভ্যান থেকে ঠেলে ফেলে দেওয়ার পর তিনি প্রথমে রাস্তার ধারে বসে পড়েন। তখন সাজিদ নামে একটি ছেলে তাঁকে অটোরিক্সায় তুলে দেয়। এরপর তাঁকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিপিএমের সাংসদের ওপর হামলার ঘটনায় কড়া নিন্দা করেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। তিনি গোটা ঘটনার তদন্তের দাবি করেছেন।


