Bengal Liberty : বিধানসভা নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিতর্কের আবহে ফের সরব কংগ্রেস। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যখন রাজধানীতে বিরোধীদের প্রতিবাদ অব্যাহত, ঠিক সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের জারি করা একটি প্রেস নোটকে কেন্দ্র করে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।
নিজের এক্স হ্যান্ডেলে ওই প্রেস নোটটি পোস্ট করে জয়রাম রমেশ লেখেন, “বেপরোয়া জালিয়াতির মাধ্যমে বিজেপিকে বিধানসভা নির্বাচন পাইয়ে দেওয়ার পর মুখ্য নির্বাচন কমিশনার এই প্রেস নোট জারি করিয়েছেন। জ্ঞানেশ কুমারের নির্লজ্জতার কোনও সীমা নেই।”
উল্লেখ্য, সোমবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জারি করা ওই প্রেস নোটে জানানো হয়েছে, নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার নির্দেশে রাজ্যের ২৪ জন জেলা নির্বাচনী আধিকারিকের উদ্যোগে একটি বিশেষ প্রচার অভিযান শুরু হয়েছে। এর উদ্দেশ্য, কোনও যোগ্য ভোটারের নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করা। সেই লক্ষ্যে রাজ্যজুড়ে বিশেষ শিবিরেরও আয়োজন করা হচ্ছে। ভোটার তালিকা সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার (বিএলও), অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (এইআরও), ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ইআরও) অথবা ডিস্ট্রিক্ট ইলেক্টোরাল অফিসারের (ডিইও) সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও খবর
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের এই উদ্যোগের ঘোষণাকেই কটাক্ষ করে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জয়রাম রমেশ। তাঁর অভিযোগ, বিধানসভা নির্বাচনে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে। যদিও এটি কংগ্রেস নেতার রাজনৈতিক অভিযোগ।
অন্যদিকে, মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে কংগ্রেস-সহ বিরোধী দলগুলির প্রতিবাদ অব্যাহত। ফলে ভোটার তালিকা সংক্রান্ত এই প্রেস নোটকে কেন্দ্র করে নির্বাচন কমিশন ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।


