Bengal Liberty: অবশেষে সব জল্পনার অবসান হল। ভারত-আমেরিকা বাণিজ্য বিষয়ে চুক্তির পথেই হাঁটছে দুই দেশ। অন্তত এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গয়াল। তিনি বলেন, ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির প্রথম ধাপ চূড়ান্ত হয়ে গিয়েছে। আইনি খসড়া তৈরির প্রক্রিয়া চলছে। শীঘ্রই এই প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলেই আশা করছে সরকার।
এদিন নয়া দিল্লিতে একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল বলেন, “আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির প্রথম ধাপ চূড়ান্ত হয়ে গিয়েছে। এখন চুক্তির শেষ পর্যায়ের বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। আইনি খসড়া তৈরির কাজ চলছে। শীঘ্রই এই প্রক্রিয়া চূড়ান্ত করতে পারব বলে আশা করছি। এরপর আমাদের প্রতিযোগী দেশগুলির তুলনায় প্রতিযোগিতামূলক সুবিধা নিশ্চিত করে চুক্তিটি কার্যকর করা হবে।”
চলছে চূড়ান্ত রূপরেখা তৈরি এবং আইনি খসড়ার কাজ
প্রসঙ্গত, ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। এর মূল লক্ষ্য দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানো এবং ব্যবসার ক্ষেত্রে কিছু বাধা কমানো। তবে চুক্তির শর্ত এমন হতে হবে, যাতে আমেরিকার বাজারে ভারতীয় রপ্তানিকারীরা অন্য দেশের সংস্থাগুলির তুলনায় পিছিয়ে না পড়েন। সেই বিষয়টিকেই গুরুত্ব দিচ্ছে নয়াদিল্লি। এমনটাই জানা গিয়েছে।
আরও খবর
এর আগে পীযূষ গয়াল জানিয়েছিলেন, দুই দেশের সম্পর্ক ‘খুব ভালো’। বাণিজ্য চুক্তি চূড়ান্ত হতে দেরি হলেও দ্বিপাক্ষিক সম্পর্কে কোনও সমস্যা দেখছেন না তিনি। সেইসঙ্গে অবশ্য তিনি এও জানিয়েছেন, আমেরিকার বাজারে ভারতীয় রফতানিকারীদের প্রতিযোগিতামূলক সুবিধা নিশ্চিত করা জরুরি। সেই বিষয়টি মাথায় রেখেই চুক্তি কার্যকর করার আগে প্রয়োজনীয় পদক্ষেপ করতে চায় ভারত।
ভারত-আমেরিকা চুক্তির পাশাপাশি ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন পীযূষ গয়াল। তিনি জানিয়েছেন, ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি আগামী ডিসেম্বর মাসে স্বাক্ষরিত হতে পারে। এরপর আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চ মাসে চুক্তিটি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।


