Bengal Liberty : অভয়া-কাণ্ডে অন্যতম অভিযুক্ত আর জি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের জামিন ঘিরে সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন তুলল পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। তদন্তে গাফিলতি, প্রয়োজনীয় তথ্যপ্রমাণ পেশে অনীহা এবং তদন্তের অগ্রগতিতে শ্লথগতির অভিযোগ তুলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিশানা করেছে কংগ্রেস। দলের অভিযোগ, তদন্তকারী সংস্থার এই ব্যর্থতার ফলেই জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ। এই ঘটনার প্রতিবাদে শনিবার আর জি কর মেডিক্যাল কলেজে অভয়ার মূর্তিতে মাল্যদান করে নতুন করে লড়াইয়ের শপথ নেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে প্রদেশ কংগ্রেস।
কংগ্রেসের দাবি, দীর্ঘদিন ধরে জেলবন্দি থাকা সন্দীপ ঘোষের মামলায় তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রায় দু’বছর ধরে জেলবন্দি থাকার পরেও তদন্তকারী সংস্থা প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারেনি বলে অভিযোগ দলের। তদন্তে সাক্ষীদের জিজ্ঞাসাবাদ এবং তথ্যপ্রমাণ সংগ্রহের ক্ষেত্রে সিবিআইয়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস। তাদের বক্তব্য, তদন্তের এই শিথিলতা বিচারপ্রক্রিয়ার উপরেও প্রভাব ফেলছে।
এই পরিস্থিতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করেছে প্রদেশ কংগ্রেস। দলের অভিযোগ, অভয়া-কাণ্ডের তদন্তে যে তৎপরতা ও স্বচ্ছতা প্রয়োজন ছিল, তা দেখা যায়নি। শারদোৎসবের আনন্দের মধ্যেও অভয়ার ন্যায়বিচারের দাবি ভুলে যাওয়া যায় না বলেও বার্তা দিয়েছে কংগ্রেস।
আরও খবর
প্রদেশ কংগ্রেসের তরফে জানানো হয়েছে, শনিবার বিকেলে আর জি কর মেডিক্যাল কলেজে অভয়ার মূর্তিতে মাল্যদান করা হবে। সেখানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। মাল্যদানের পর অভয়ার ন্যায়বিচারের দাবিতে নতুন করে আন্দোলনের শপথ নেওয়া হবে বলে জানিয়েছে দল।
সন্দীপ ঘোষের জামিনকে কেন্দ্র করে সিবিআইয়ের তদন্ত নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই কংগ্রেসের এই কর্মসূচি ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।


