Bengal Liberty : হাসপাতালে সংকটজনক রোগীকে ভর্তি করাতে গিয়ে আইসিইউ বেডের খোঁজে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটতে হয় পরিজনদের। কোথাও বেড খালি রয়েছে কি না, ভেন্টিলেটর-সহ আইসিইউ বেডের সংখ্যা কত, কিংবা কতগুলি বেডে ইতিমধ্যেই রোগী ভর্তি রয়েছেন-এই তথ্য জানতে গিয়ে প্রায়ই সমস্যায় পড়তে হয় তাঁদের। এ বার সেই ভোগান্তি কমাতে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রেক্ষিতে বড় পদক্ষেপ করল রাজ্যের স্বাস্থ্য দফতর। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলিকেও আইসিইউ বেডের যাবতীয় তথ্য প্রকাশ্যে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতাল চত্বরের এমন জায়গায় এই তথ্য বোর্ড টাঙাতে হবে, যাতে রোগী ও তাঁদের আত্মীয়রা সহজেই তা দেখতে পান। নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য দফতর।
আইসিইউ বেডের সংখ্যা থেকে ভেন্টিলেটরের তথ্য, বোর্ডে জানাতে হবে সবই
স্বাস্থ্য দফতরের নতুন নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি সরকারি ও বেসরকারি হাসপাতালকে চালু করতে হবে ‘স্ট্যান্ডার্ড ডিসপ্লে সিস্টেম’। হাসপাতাল চত্বরে সকলের নজরে পড়ে, এমন জায়গায় এই বোর্ড রাখতে হবে। সেখানে শুধু কতগুলি আইসিইউ বেড খালি রয়েছে, তা জানালেই হবে না। মোট আইসিইউ বেডের সংখ্যা, কতগুলিতে রোগী ভর্তি রয়েছেন এবং কতগুলি বেড ফাঁকা রয়েছে, সেই তথ্যও স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
পাশাপাশি, ভেন্টিলেটর-সহ আইসিইউ বেডের সংখ্যা এবং ভেন্টিলেটর ছাড়া আইসিইউ বেডের সংখ্যাও বোর্ডে জানাতে হবে। অর্থাৎ, রোগী বা তাঁর পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছেই আইসিইউ পরিষেবার বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে পারবেন। বেডের খোঁজে বিভিন্ন বিভাগে ঘোরাঘুরি কিংবা বারবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তথ্য জানতে চাওয়ার প্রয়োজনীয়তা কমবে বলে মনে করা হচ্ছে।
আরও খবর
সুপ্রিম নির্দেশে পদক্ষেপ স্বাস্থ্য দফতরের
হাসপাতালের আইসিইউ বেড সংক্রান্ত মামলায় গত মে মাসে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের প্রেক্ষিতেই এই নির্দেশিকা জারি করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। নির্দেশ কার্যকর করার পাশাপাশি হাসপাতালগুলিকে নিজেদের আইসিইউ পরিষেবার পরিকাঠামোও খতিয়ে দেখতে বলা হয়েছে। পরিকাঠামোয় কোনও ঘাটতি নজরে এলে দ্রুত তা সংশোধন করতে হবে। অর্থাৎ, শুধু বেডের তথ্য প্রকাশ নয়, আইসিইউ পরিষেবার মান ও প্রস্তুতি নিশ্চিত করার দিকেও নজর দিতে চাইছে স্বাস্থ্য দফতর।


