Bengal Liberty : সমুদ্রের নীল জলরাশির মাঝে হঠাৎই নজরে এল গোলাপি রঙের ডলফিন! ওমানের উপকূলে এমনই এক বিরল দৃশ্য ঘিরে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। সাধারণত ধূসর বা গাঢ় রঙের ডলফিন দেখতে অভ্যস্ত মানুষজনের কাছে এই গোলাপি আভাযুক্ত সামুদ্রিক প্রাণীর উপস্থিতি যেন এক বিস্ময়কর অভিজ্ঞতা। ইতিমধ্যেই সেই দৃশ্যের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
সংবাদমাধ্যম সূত্রে খবর, ওমানের রাজধানী মাসকাটের কাছে কান্তাব বিচের উপকূলীয় জলরাশিতে দেখা মিলেছে এই অস্বাভাবিক রঙের ডলফিনদের। গত কয়েক দিনে সামনে আসা ভিডিয়োয় দেখা গিয়েছে, গাঢ় রঙের অন্য ডলফিনদের সঙ্গে সাঁতার কাটছে গোলাপি আভাযুক্ত ডলফিন। কখনও জলের উপর ভেসে উঠছে, কখনও আবার ডুব দিচ্ছে সমুদ্রের গভীরে।
উপকূলে উপস্থিত পর্যটক ও স্থানীয়দের একাংশ সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ছবি ও ভিডিয়ো। বিরল এই দৃশ্য দেখে স্বাভাবিকভাবেই বিস্মিত বন্যপ্রাণীপ্রেমীরা।
আরও খবর
গোলাপি ডলফিনের কথা উঠলেই অনেকের মনে পড়ে দক্ষিণ আমেরিকার আমাজন নদীর ডলফিনের কথা। তবে শুধুমাত্র আমাজনেই যে গোলাপি আভাযুক্ত ডলফিন দেখা যায়, তা নয়। কয়েকটি সামুদ্রিক ডলফিনের শরীরেও এমন রঙের আভা দেখা যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, কিছু প্রজাতির ডলফিনের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের রং ফ্যাকাশে হতে পারে। আবার ত্বকের কাছাকাছি থাকা রক্তনালির দৃশ্যমানতা এবং রক্ত সঞ্চালনের পরিবর্তনের কারণেও গোলাপি আভা ফুটে উঠতে পারে। কিছু ক্ষেত্রে ত্বকের রঞ্জক পদার্থের তারতম্যও এমন রঙের জন্য দায়ী হতে পারে।
সব মিলিয়ে, ওমানের উপকূলে এই বিরল দৃশ্য সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে নতুন করে আগ্রহ তৈরি করেছে। একইসঙ্গে বন্যপ্রাণীদের স্বাভাবিক পরিবেশে নিরাপদে থাকতে দেওয়া এবং তাদের থেকে দূরত্ব বজায় রাখার গুরুত্বও আরও একবার সামনে এসেছে।


