Bengal Liberty : দুর্গাপুজো শেষ হলেও উৎসবের মরসুম এখনও বাকি। সামনে ধনতেরাস, দীপাবলি ও কালীপুজো। এই সময়ে খাবারের গুণগত মান বজায় রাখা এবং মানুষের স্বাস্থ্য সুরক্ষায় ফের তৎপর রাজ্যের খাদ্য সুরক্ষা দফতর। শনিবার কলকাতা ও সংলগ্ন এলাকার একাধিক নামী রেস্তরাঁ এবং ধাবায় অভিযান চালান দফতরের আধিকারিকেরা। সেই অভিযানেই সল্টলেকের একটি পরিচিত ধাবার রান্নাঘর ও ফ্রিজ পরীক্ষা করতে গিয়ে সামনে আসে একাধিক অনিয়মের অভিযোগ।
সূত্রের খবর, ওই ধাবার ফ্রিজে মজুত ছিল মেয়াদোত্তীর্ণ পনির-সহ বিভিন্ন খাদ্যসামগ্রী। শুধু তা-ই নয়, রান্নার জন্য রাখা মটন ও চিকেনেও ছত্রাক ধরেছে বলে আধিকারিকদের নজরে আসে। খাবার সংরক্ষণের ক্ষেত্রে এমন গাফিলতি স্বাস্থ্যের পক্ষে ঝুঁকিপূর্ণ হতে পারে বলে আশঙ্কা। এই ঘটনার পর সংশ্লিষ্ট ধাবার লাইসেন্স বাতিল করা হয়েছে বলে সূত্রের দাবি।
তবে এই প্রথম নয়। গত কয়েক মাস ধরেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন নামী রেস্তরাঁয় অভিযান চালাচ্ছে খাদ্য সুরক্ষা দফতর। একাধিক ক্ষেত্রে খাবারের গুণগত মান, রান্নাঘরের পরিচ্ছন্নতা এবং ফ্রিজে খাদ্যসামগ্রী সংরক্ষণের পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, কোথাও কোথাও পচা বা অস্বাস্থ্যকর মাংস সংরক্ষণ করা হচ্ছে। পরে সেই মাংস রান্নায় ব্যবহার করা হলে তা ক্রেতাদের স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক হয়ে উঠতে পারে।
আরও খবর
উৎসবের মরসুমে রেস্তরাঁ ও ধাবায় ভিড় বাড়ে। ফলে খাবারের মানের সঙ্গে যাতে কোনও রকম আপস না হয়, তা নিশ্চিত করতেই এই অভিযান বলে মনে করা হচ্ছে। মেয়াদোত্তীর্ণ খাবার কিংবা ছত্রাক ধরা মাংস পরিবেশন করা হলে তার পরিণতি গুরুতর হতে পারে। তাই উৎসবের মরসুমে খাদ্য সুরক্ষা বিধি মেনে চলা এবং রান্নাঘর পরিষ্কার রাখার বিষয়ে রেস্তরাঁ ও ধাবাগুলিকে আরও সতর্ক থাকার বার্তা দিচ্ছে এই অভিযান।


