Bengal Liberty : সম্প্রতি প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। ইন্দ্রনীলের গ্রেফতারির পরই এবার সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতি ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ তাপস পালের স্ত্রী নন্দিনী মুখোপাধ্যায় পাল।
বৃ্হস্পতিবার সোশ্যাল মিডিয়ায় তাপস পালের স্ত্রী ইন্দ্রনীলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘আপনাকে আমি গায়কজীবনের সময় থেকে চিনি, দেখছি। দেখলাম, হঠাৎ রাজনীতিবিদ হয়ে উঠলেন। তারপর নিজেকে বিরাট কিছু ভাবতে শুরু করলেন। কথায়, আচরণ, ঔদ্ধত্যের মধ্যে যেন মাত্রাছাড়া প্রতিযোগিতা।’ এরপরই নিজের স্বামীর সঙ্গে দুর্ব্যবহারের কথা স্মরণ করিয়ে দিয়ে তাপস পালের স্ত্রী জানান, ‘আমার স্বামীর প্রতি দুর্ব্যবহার, অসভ্যতা ও অহংকার নিজের চোখে দেখেছি, ভুলিনি।
একটা কথা মনে রাখবেন, ক্ষমতা, পদ, প্রতিপত্তিতে মানুষ অনেক উঁচুতে উঠুক না কেন, কর্মফলের নাগাল থেকে কাউকে আড়াল করা যায় না। কর্মফল কাউকেই ছাড়ে না। তাই যা হওয়ার ছিল, হয়েছে।’ হিসেব যে এখনও বাকি সেই কথাই ফুটে উঠেছে প্রাক্তন সাংসদের স্ত্রীর কথায়।
আরও খবর
উল্লেখ্য, সাংসদ থাকাকালীন মদ্যপ অবস্থায় ‘আমি চন্দনগরের মাল’ বলে এক সময়ে বিতর্কে জড়িয়েছিলেন তাপস পাল। পরবর্তীকালে তাঁর মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছিলেন তিনি। কিন্তু এরপর আর প্রত্যক্ষ রাজনীতিতে টিকে থাকতে পারেননি তাপস পাল। অন্যদিকে ইন্দ্রনীল সেন এই চন্দননগর থেকেই বিধায়ক হিসাবে নির্বাচিত হয়ে এসেছেন। ইন্দ্রনীলের গ্রেফতারে তাপস পালের স্ত্রীর এই প্রতিক্রিয়া রীতিমতো তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


