SHOULD THIS BE THE NATION’S LEADER?
SHOULD THIS BE THE NATION’S LEADER?

‘দেশের নেতা কি এমনই হওয়া উচিত?’ ঘুমন্ত রাহুলের ছবি দিয়ে পোস্টার

Bengal liberty:

সংসদের ভিতরে ঘুমন্ত অবস্থায় রাহুল গান্ধীর ছবি। সেই ছবিকে সামনে রেখেই কলকাতা শহরের বিভিন্ন জায়গায় দেখা গেল বিতর্কিত পোস্টার। তাতে লেখা, ‘দেশের নেতা কি এমনই হওয়া উচিত?’ মঙ্গলবার সল্টলেক-সহ কলকাতার একাধিক এলাকায় এই পোস্টার চোখে পড়েছে। করুণাময়ী বাস টার্মিনাস-সহ বিভিন্ন জায়গাতেও একই ধরনের পোস্টার লাগানো হয়েছে বলে দাবি। তবে কারা এই পোস্টার লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিরোধী ইন্ডি জোটের অন্যতম মুখ রাহুল গান্ধী। তাঁর এমন ছবি ব্যবহার করে বিরোধী জোটের নেতৃত্ব ও রাজনৈতিক অবস্থানকে নিশানা করেই এই প্রচার বলে মনে করা হচ্ছে। সংসদের ভিতরে তাঁর ঘুমন্ত অবস্থার ছবি ব্যবহার করে নেতৃত্বের ভূমিকা নিয়েই প্রশ্ন তোলা হয়েছে পোস্টারে।

পোস্টার দেখে এক পথচারীর প্রতিক্রিয়া, সংসদের ভিতরে কোনও জনপ্রতিনিধির এমন ছবি প্রকাশ্যে আসা ঠিক নয়। বিষয়টি তাঁর খারাপ লেগেছে বলেও জানান তিনি। অন্যদিকে, এক বিজেপি কর্মীর দাবি, ‘‘বিরোধী জোট যখন রাহুল গান্ধীকে সামনে রেখে কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে নামছে, তখন তাঁকে ঘিরে এই ধরনের প্রচার নতুন করে বিতর্ক তৈরি করতে পারে।’’

Soham Mullick
সোহম মল্লিক

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি নিয়ে পড়াশোনা। ডিজিটাল মাধ্যমেই সাংবাদিকতার জগতে হাতেখড়ি। বর্তমানে Bengal Liberty-র কার্যনির্বাহী সম্পাদক হিসাবে গুরুদায়িত্ব সামলাচ্ছে। খেলাধুলা নিয়ে বিশেষ আগ্রহ। পাশাপাশি, সব ধরনের খবরের খোঁজে কাটে রাত-দিন। অভিজ্ঞদের থেকে প্রতিনিয়ত শেখার আগ্রহ রয়েছে। কাজের বাইরে নেশা বলতে, সঙ্গীত চর্চা এবং ড্রামস বাজানো।