Bengal Liberty : ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান পথ হিসেবে পরিচিত স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ। আর এবার সেই দ্বীপপুঞ্জেই আফ্রিকান অভিবাসীদের আগমন ঘিরে তৈরি হয়েছে নতুন করে উদ্বেগ। প্রতিদিনই বিপুল সংখ্যক অভিবাসী আটলান্টিক মহাসাগর পেরিয়ে স্পেনের এই দ্বীপপুঞ্জে পৌঁছচ্ছেন। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে উঠেছে যে, অভিবাসীদের সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। ইতিমধ্যেই ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসন সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করেছে স্পেন সরকার।
স্পেন সরকারের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, নভেম্বর মাসের প্রথম ১৫ দিনেই ১১ হাজারেরও বেশি অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে এসে পৌঁছেছেন। শুধু তাই নয়, গত ১৪ নভেম্বর একদিনেই ১৪টি নৌকা থেকে মোট ১,৪৮৮ জন অভিবাসীকে উদ্ধার করেছে স্পেনের সামুদ্রিক উদ্ধারকারী সংস্থা। ২০২০ সালের নভেম্বর মাসে একদিনে ১,৪৬১ জন অভিবাসীকে উদ্ধারের যে রেকর্ড তৈরি হয়েছিল, এবার সেই সংখ্যাকেও ছাপিয়ে গিয়েছে।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১৫ নভেম্বর পর্যন্ত ক্যানারি দ্বীপপুঞ্জে সমুদ্রপথে পৌঁছেছেন মোট ২৪,৩৬৪ জন অভিবাসী। গত বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা প্রায় ৬৫.৯ শতাংশ বেশি।
আরও খবর
মূলত পশ্চিম আফ্রিকার সেনেগাল, গাম্বিয়া, মালি এবং গিনি থেকে বহু মানুষ উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি দিচ্ছেন। দারিদ্র্য, কর্মসংস্থানের অভাব এবং রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা তাঁদের দেশ ছাড়তে বাধ্য করছে বলে মনে করা হচ্ছে। ছোট ছোট কাঠের নৌকা কিংবা অতিরিক্ত যাত্রীবোঝাই জলযানে করে আটলান্টিক মহাসাগর পেরিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছনোর চেষ্টা করছেন তাঁরা।তবে এই সমুদ্রপথ অত্যন্ত বিপজ্জনক।
দীর্ঘ কয়েকদিনের যাত্রায় উত্তাল সমুদ্র, প্রবল স্রোত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে প্রাণহানির আশঙ্কাও থাকে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ১০ মাসেই পশ্চিম আফ্রিকা থেকে আটলান্টিক অভিবাসন পথে অন্তত ৪৫০ জনের মৃত্যু হয়েছে।সব মিলিয়ে, ইউরোপের অভিবাসন সমস্যা যে নতুন করে জটিল আকার ধারণ করছে, ক্যানারি দ্বীপপুঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি তারই স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।


