Bengal Liberty : ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র হাইতির পরিস্থিতি। দীর্ঘদিন ধরেই সশস্ত্র গ্যাংস্টারদের দাপটে কার্যত অগ্নিগর্ভ হয়ে রয়েছে দেশের রাজধানী পোর্ট-অ-প্রিন্স। এবার সেই সশস্ত্র গ্যাংগুলির বিরুদ্ধে বড়সড় অভিযান শুরু করল হাইতির নিরাপত্তাবাহিনী। বৃহস্পতিবার রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা মার্টিসাঁতে নিরাপত্তাবাহিনী ও সশস্ত্র গ্যাংগুলির মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা সামনে এসেছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। এই অভিযানে অন্তত ৩৪ জন সন্দেহভাজন গ্যাং সদস্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাইতির জাতীয় পুলিশ।
প্রসঙ্গত, পোর্ট-অ-প্রিন্সের পশ্চিম প্রান্তে অবস্থিত মার্টিসাঁত দীর্ঘ পাঁচ বছর ধরে সশস্ত্র গ্যাংগুলির নিয়ন্ত্রণে রয়েছে। রাজধানীর সঙ্গে দেশের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা রুট ২ এই এলাকার মধ্য দিয়েই গিয়েছে। ফলে মার্টিসাঁত দুষ্কৃতীদের দখলে চলে যাওয়ায় দীর্ঘদিন ধরেই ব্যাহত হয়েছে পণ্য পরিবহণ এবং সাধারণ মানুষের যাতায়াত। এমনকি এই রাস্তা দিয়ে চলাচলকারী গাড়ি ও বাসের উপর হামলা চালানোর পাশাপাশি যাত্রীদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগও রয়েছে গ্যাংগুলির বিরুদ্ধে।
অন্যদিকে, হাইতির নিরাপত্তা পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক স্তরেও তৎপরতা বেড়েছে। গত মাসে চারজন সেনা নিখোঁজ হওয়ার ঘটনার পর হাইতিতে প্রায় ২,৫০০ সেনা মোতায়েন করেছে এল সালভাদর। দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলের নির্দেশে হাইতির দুই প্রভাবশালী গ্যাং নেতা জেফ এবং লানমো সাঁ জুর ঘাঁটিতেও অভিযান চালানো হয়েছে। যদিও ওই দুই গ্যাং নেতাকে এখনও পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি।
আরও খবর
তবে এই ধরনের একতরফা সামরিক অভিযান এবং বিস্ফোরক ড্রোনের ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের আশঙ্কা, এই সংঘর্ষে নিরীহ সাধারণ মানুষের প্রাণহানির ঝুঁকিও বাড়ছে।
উল্লেখ্য, ২০২১ সালে প্রেসিডেন্ট জোভেনেল মোইজের হত্যাকাণ্ডের পর থেকেই রাজনৈতিক অস্থিরতা এবং সশস্ত্র গ্যাংগুলির দাপটে কার্যত বিপর্যস্ত হাইতি। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর দেশে নির্বাচনের প্রস্তুতি চললেও নিরাপত্তা পরিস্থিতি এখনও বড়সড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। এখন দেখার, নিরাপত্তাবাহিনীর এই অভিযান আদৌ কতটা সাফল্য এনে দিতে পারে এবং দীর্ঘদিনের গ্যাং-রাজ থেকে মুক্তি পায় কি না হাইতি।


