বেছে বেছে মুসলিমদের নাম বাদ দেওয়া হয়েছে! কমিশনের সফটওয়্যার নিয়ে বিস্ফোরক অভিযোগ সিদ্দিকুল্লাহর
বেছে বেছে মুসলিমদের নাম বাদ দেওয়া হয়েছে! কমিশনের সফটওয়্যার নিয়ে বিস্ফোরক অভিযোগ সিদ্দিকুল্লাহর

বেছে বেছে মুসলিমদের নাম বাদ দেওয়া হয়েছে! কমিশনের সফটওয়্যার নিয়ে বিস্ফোরক অভিযোগ সিদ্দিকুল্লাহর

Bengal Liberty : ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুললেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। বিশেষ করে, ভোটার তালিকা সংশোধনের কাজে ব্যবহৃত সফটওয়্যার এবং তার অ্যালগরিদমের মাধ্যমে নির্দিষ্টভাবে মুসলিমদের চিহ্নিত করে নাম বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। তাঁর দাবি, এই প্রক্রিয়ার নেপথ্যে রয়েছেন নির্বাচন কমিশনের ডিজি (আইটি) পদে থাকা আধিকারিক এবং সীমা খান্না নামে এক মহিলা আধিকারিক। শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মিনার সঙ্গে প্রায় ৩৫ মিনিটের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই অভিযোগ করেন সিদ্দিকুল্লাহ।

সিদ্দিকুল্লাহ জানান, চার পাতার একটি স্মারকলিপি মুখ্য নির্বাচনী আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়েছে। এর আগে গত ১৯ সেপ্টেম্বরও অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দিয়েছিলেন তাঁরা। কিন্তু তখন তাঁদের জানানো হয়েছিল, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু করার ক্ষমতা সংশ্লিষ্ট দফতরের নেই।

সিদ্দিকুল্লাহর দাবি, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ জানিয়ে মোট ৩৮ লক্ষ ৩১ হাজার ৪২৯টি আবেদন জমা পড়েছে। তার মধ্যে ১ লক্ষ ২৬ হাজার ১৯৪টি আবেদনের নিষ্পত্তি হয়েছে। এখনও ৩৭ লক্ষ ৫ হাজার ২৩৫টি আবেদনের কী অবস্থা, তা স্পষ্ট নয়। এত বিপুল সংখ্যক আবেদন বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, সেই প্রশ্নের সদুত্তর মেলেনি বলেই অভিযোগ তাঁর। সিদ্দিকুল্লাহর বক্তব্য, মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, বিচারাধীন বিষয় নিয়ে তাঁর পক্ষে কিছু বলা সম্ভব নয়। সংশ্লিষ্টদের ট্রাইব্যুনালের মাধ্যমেই এগোতে হবে।

একইসঙ্গে সাত নম্বর ফর্ম ব্যবহার করে ভুয়ো অভিযোগ জমা দেওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন সিদ্দিকুল্লাহ। তাঁর দাবি, কোনও কোনও ব্যক্তি একাধিকবার, এমনকী ৫০ থেকে ২০০টি পর্যন্ত অভিযোগ জমা দিয়েছেন। নির্দিষ্ট তথ্যপ্রমাণ পাওয়া গেলে এ ধরনের অভিযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, এমনটাই দাবি সিদ্দিকুল্লাহর।

কলকাতায় প্রায় ১ লক্ষ ২০ হাজার এবং হাওড়ায় ৩৯ হাজার ভোটারের আবেদন বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি। আগামী পুরসভা নির্বাচনে তাঁদের ভোটাধিকার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে কি না, সেই প্রশ্নও তোলেন সিদ্দিকুল্লাহ। পাশাপাশি, ট্রাইব্যুনালের কাজের অগ্রগতি, বিচারকদের অনুপস্থিতি এবং অনলাইন পোর্টাল ঠিকমতো কাজ না করার অভিযোগও সামনে আনেন তিনি। তাঁর বক্তব্য, বর্তমানে বহু নথি অফলাইনে জমা দিতে হচ্ছে। এই পরিস্থিতিতে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপ দাবি করেছেন তিনি।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে সিদ্দিকুল্লাহর দাবি, ভোটারদের অধিকার কেড়ে নেওয়ার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই প্রক্রিয়া চালানো হচ্ছে। এই অভিযোগকে সামনে রেখে আগামী দিনে পথসভা, প্রতিবাদ কর্মসূচি এবং প্রয়োজনে কলকাতায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।