Bengal Liberty : আফ্রিকার রাজনৈতিক মহলে ফের শুরু হয়েছে নির্বাচনী তৎপরতা। আগামী ২০২৭ সালের রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ উত্তপ্ত হচ্ছে বুরুন্ডির রাজনৈতিক পরিস্থিতি। এরই মধ্যে বড়সড় ঘোষণা করলেন দেশটির প্রাক্তন বিরোধী নেতা আগাথন রওয়াসা (Agathon Rwasa)। দলের নেতৃত্ব হারানোর দুই বছরেরও বেশি সময় পর এবার নির্দল প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনে লড়াই করার আবেদন জমা দিয়েছেন তিনি।
প্রসঙ্গত , ২০২৪ সালের মার্চ মাসে ন্যাশনাল কংগ্রেস ফর ফ্রিডম (CNL) দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল রওয়াসাকে। দলের একাংশের সাংসদদের উদ্যোগে আয়োজিত বিশেষ সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তাঁর বিরুদ্ধে দলের নিয়ম লঙ্ঘন এবং রাজনৈতিক বিভাজন তৈরির অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। যদিও গোটা ঘটনাকে সরকারের রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছিলেন রওয়াসা। তাঁর অভিযোগ ছিল, রাষ্ট্রপতি নির্বাচনের লড়াই থেকে তাঁকে দূরে রাখতেই এই পদক্ষেপ করা হয়েছে।
তবে এবার নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, কোনও রাজনৈতিক দলের নেতৃত্বে থাকা ব্যক্তিকে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে হলে পদত্যাগ করতে হয়। কিন্তু এই নিয়মের ব্যাখ্যা নিয়েই আপত্তি তুলেছেন রওয়াসা। তাঁর দাবি, সংবিধান অনুযায়ী কোনও রাজনৈতিক দলের নেতৃত্ব থেকে বহিষ্কৃত হওয়ার দুই বছর পর সংশ্লিষ্ট ব্যক্তি নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারেন। ফলে তাঁর ক্ষেত্রে পদত্যাগের শর্ত প্রযোজ্য হওয়ার কথা নয়।
আরও খবর
অন্যদিকে, নিজের জনসমর্থন নিয়েও যথেষ্ট আত্মবিশ্বাসী প্রাক্তন এই বিরোধী নেতা। তাঁর দাবি, রাজনৈতিক দলের প্রতীক নয়, শেষ পর্যন্ত ভোট দেন সাধারণ মানুষ। সমর্থকদের কাছ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইতিমধ্যেই ১০ কোটি বুরুন্ডিয়ান ফ্রাঁ সংগ্রহ করতে পেরেছেন বলেও জানিয়েছেন তিনি। তাঁর মতে, যাঁরা নির্বাচনী খরচের জন্য আর্থিক সাহায্য করতে এগিয়ে এসেছেন, তাঁরাই আগামী দিনে ভোটের ময়দানেও পাশে থাকবেন।
সব মিলিয়ে দলের নেতৃত্ব হারানোর পরেও নির্বাচনী ময়দান ছাড়তে নারাজ আগাথন রওয়াসা। এবার নির্বাচন কমিশন তাঁর প্রার্থীপদে ছাড়পত্র দেয় কি না, সেদিকেই নজর থাকবে আন্তর্জাতিক রাজনৈতিক মহলের।


