মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে লাগাম টানতে প্রশাসন ও ব্যবসায়ী মহলকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

সরষের তেল, চিনি, আলু-সহ বিভিন্ন নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে প্রশাসন ও ব্যবসায়ী মহলকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে, বাজারদর নিয়ন্ত্রণে রাখতে প্রতি সোমবার ব্যবসায়ী সংগঠনগুলির সঙ্গে নিয়মিত বৈঠক করার নির্দেশ দিলেন তিনি। মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এদিনের এই বৈঠকে কৃষি, কৃষি বিপণন-সহ সংশ্লিষ্ট দপ্তরের সচিব এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, সরষের তেল ও চিনির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে বৈঠকে বিশেষ উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কেন এই দুই পণ্যের দাম বাড়ছে, তা খতিয়ে দেখার পাশাপাশি দ্রুত মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেন শুভেন্দু। একই সঙ্গে আলু, শাকসবজি-সহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদরের উপরও নিয়মিত নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। বাজার পরিস্থিতির উপর প্রশাসনিক নজরদারি আরও জোরদার করতে প্রতি সোমবার ব্যবসায়ী সংগঠনগুলির সঙ্গে বৈঠক বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের এই বৈঠক করতে হবে। পাশাপাশি বিভিন্ন দপ্তরের মধ্যে দ্রুত তথ্য আদানপ্রদান ও সমন্বয়ের জন্য সচিব পর্যায়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরির নির্দেশও দিয়েছেন তিনি। এর মাধ্যমে বাজারে কোনও পণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়লে দ্রুত পদক্ষেপ করা সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন। ব্যবসায়ী সংগঠনগুলির প্রতিনিধিদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তাও ছিল স্পষ্ট। সরকার ব্যবসায়ীদের পাশে রয়েছে এবং তাঁদের ব্যবসায়িক কর্মকাণ্ডে সব ধরনের সহযোগিতা করছে। কিন্তু সাধারণ মানুষের স্বার্থে বাজারদর নিয়ন্ত্রণে ব্যবসায়ীদেরও সমান দায়িত্ব নিতে হবে। মুখ্যমন্ত্রীর কথায়, “আপনাদের আমরা সহযোগিতা করি, আপনারাও আমাদের সহযোগিতা করুন।” সূত্রের দাবি, সরষের তেল ও চিনির দাম কমানোর বিষয়ে বৈঠকে কার্যত অনড় মনোভাব দেখান মুখ্যমন্ত্রী। এই বিষয়ে তাঁর স্পষ্ট নির্দেশ, এই দুই পণ্যের দাম কমাতেই হবে।

তবে শুধু প্রশাসনিক নির্দেশ জারি করেই দায়িত্ব শেষ করতে চায় না সরকার। সাধারণ মানুষের কথা ভেবে ব্যবসায়ী মহলের সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে বাজারের বাস্তব পরিস্থিতি বুঝে দ্রুত ব্যবস্থা নিতে চায় নবান্ন। রাজনৈতিক ও প্রশাসনিক মহলের মতে, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলির সংসার খরচে বাড়তি চাপ তৈরি হয়, তা বলাই বাহুল্য। তাই বাজারদর নিয়ন্ত্রণে প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে নিয়মিত সমন্বয় গড়ে তোলাই এখন রাজ্য সরকারের প্রধান লক্ষ্য।

Bengal Liberty