Bengal Liberty : ককরোচ জনতা পার্টির (সিজেপি) মুখপাত্র সৌরভ দাসের বিরুদ্ধে এ বার লুকআউট সার্কুলার জারি করা হয়েছে। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের দাবি, সৌরভের পাসপোর্টে থাকা কিছু অসঙ্গতি তাঁর নাগরিকত্বের উপরেও প্রভাব ফেলতে পারে।
গত সোমবার রাতে দিল্লি থেকে লন্ডনগামী বিমানে ওঠার আগেই আটকানো হয় সৌরভকে। তাঁর দাবি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। সেই অনুষ্ঠানেই যোগ দিতে লন্ডন যাওয়ার কথা ছিল তাঁর। সোমবার রাত ১টায় বিমানে ওঠার কথা থাকলেও দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগে তাঁকে আটকে দেওয়া হয়।
এই ঘটনার পর বুধবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন সৌরভ। সিজেপি মুখপাত্রের অভিযোগ, প্রশাসন ইচ্ছাকৃত ভাবে তাঁর বিদেশযাত্রায় বাধা সৃষ্টি করছে। বৃহস্পতিবার বিচারপতি অমিত মহাজনের বেঞ্চে মামলাটির শুনানি হয়। সেখানেই কেন্দ্রের তরফে জানানো হয়, সৌরভের বিরুদ্ধে একটি লুকআউট সার্কুলার জারি করা হয়েছে।
কেন্দ্রের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল আদালতে জানান, গত রবিবার রাতে মহারাষ্ট্র পুলিশ সৌরভের বিরুদ্ধে ওই লুকআউট সার্কুলার জারি করে। তাই এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেই আবেদন জানানো উচিত বলে সওয়াল করেন কেন্দ্রের আইনজীবী। ‘লাইভ ল’-এর প্রতিবেদন অনুযায়ী, সৌরভের আইনজীবী ওই লুকআউট নোটিসের প্রতিলিপি চেয়েছিলেন। কিন্তু কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল জানান, সেই নোটিসের কোনও প্রতিলিপি দেওয়া সম্ভব নয়।
আরও খবর
সৌরভকে বিমানবন্দরে আটকানোর পরের দিন, মঙ্গলবার, সরকারি সূত্রে জানা যায়, তাঁর পাসপোর্টে কিছু ‘অসঙ্গতি’ রয়েছে। সোমবার রাতেই সমাজমাধ্যমে সৌরভ দাবি করেছিলেন, বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপয়েন্টে পৌঁছনোর পর তাঁকে জানানো হয় যে, তাঁর পাসপোর্টটি ‘ফ্ল্যাগ’ করা হয়েছে।
পরে সূত্র মারফত জানা যায়, পাসপোর্টে তাঁর জন্মস্থান সংক্রান্ত তথ্যে অসঙ্গতি রয়েছে।বৃহস্পতিবার আদালতে সৌরভের আইনজীবী জানান, শো-কজ নোটিসে অভিযোগ করা হয়েছে যে, সৌরভ তাঁর জন্মস্থান সম্পর্কে ভুল তথ্য দিয়েছেন এবং গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে পাসপোর্ট সংগ্রহ করেছেন। আইনজীবীর বক্তব্য, এই অভিযোগের সমর্থনে প্রয়োজনীয় নথিপত্র আদালতে পেশ করে বিষয়টি স্পষ্ট করা উচিত। তা না হলে সৌরভের পাসপোর্ট বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে, কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল আদালতে জানান, সৌরভ পাসপোর্টের আবেদনে বাবার নামের নির্দিষ্ট কলামটি ফাঁকা রেখেছিলেন। তাঁর জন্মস্থান, ঠিকানা এবং বাবা-মায়ের পরিচয় সংক্রান্ত তথ্য যাচাই করতে গত ২০ অগস্ট পুদুচেরির এসএসপি অনুসন্ধান শুরু করেন।
সেই প্রসঙ্গেই কেন্দ্রের আইনজীবী বলেন, পাসপোর্টে থাকা অসঙ্গতি সৌরভের নাগরিকত্বের উপরেও প্রভাব ফেলতে পারে। তবে তিনি এ-ও স্পষ্ট করেন যে, পাসপোর্ট অফিসের পাঠানো শো-কজ নোটিসে কোথাও বলা হয়নি যে সৌরভের পাসপোর্ট বাতিল বা বাজেয়াপ্ত করা হবে। তাঁকে শুধু ওই নোটিসের জবাব দিতে বলা হয়েছে।


