Bengal Liberty : নানা সমস্যায় যেন হাপিয়ে উঠেছিলেন! তাই একটু নিরিবিলি জায়গায় বসে নিজের মত সময় কাটাতে চেয়েছিলেন ৩১ বছরের এক মহিলা। হাঁটতে হাঁটতে গিয়ে বসেছিলেন একটি শিশুদের খেলার পার্কের বেঞ্চে। খানিকক্ষণ বাদেই তাঁর কাছে হাজির হন পুরসভার তিন আধিকারিক। এরপর যা ঘটল, তা শুনলে অবাক হবেন আপনিও। একা পার্কের বেঞ্চে বসে থাকার অপরাধে তাঁকে গুনতে হল ২৫ ইউরো, ভারতীয় মুদ্রায় প্রায় ২,৫৪০ টাকা জরিমানা। ঘটনাটি জার্মানির গেলজেনকির্শেন শহরের।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২৫ অক্টোবর হানা নামে ওই মহিলা পড়াশোনা ও আর্থিক সমস্যা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। তাই হাঁটতে হাঁটতে একটি শিশুদের খেলার পার্কে গিয়ে বেঞ্চে বসেন। সেখানেই কান্নায় ভেঙে পড়ে নিজের মাসিকে ফোন করেন তিনি। হানা জানিয়েছেন, সেই সময় পার্কে থাকা তিন পুরসভার আধিকারিক তাঁর কাছে এসে জানতে চান, দোলনায় খেলতে থাকা দু’টি ছেলে তাঁর সন্তান কি না। এরপর হানা জানান, ওই শিশুরা তাঁর পরিচিত নয়।
এরপরই তাঁকে ২৫ ইউরো জরিমানা করা হয় বলে দাবি। কিন্তু প্রশ্ন উঠছে, কোন অপরাধে এমন জরিমানা করা হল হানাকে? এই বিষয়ে গেলজেনকির্শেনের পুরসভার নিয়ম অনুযায়ী, শিশুদের খেলার পার্ক মূলত ১৪ বছর এবং তার কম বয়সিদের জন্য নির্দিষ্ট। কোনও শিশু সঙ্গে না থাকলে প্রাপ্তবয়স্কদের সেখানে প্রবেশ বা বেঞ্চে বসার অনুমতি নেই। এমনকী, অভিভাবক বা অন্য কোনও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিও শিশুদের সঙ্গে না থাকলে পার্ক ব্যবহার করতে পারেন না।
আরও খবর
এক্ষেত্রে হানার যুক্তি, “কাউকে কাঁদতে দেখলে প্রথমে তাঁর কাছে গিয়ে জিজ্ঞাসা করা যেত না, তিনি ঠিক আছেন কি না বা কোনও সাহায্যের প্রয়োজন রয়েছে কি না? তার পর নিয়মের কথা বোঝানো যেত।” বাসিন্দাদের একাংশের মত, সামান্য বিশ্রাম নিতে চাওয়া একজন মহিলাকে এভাবে জরিমানা করা অযৌক্তিক। অন্য এক মহিলা জানিয়েছেন, তিনি ৬৪ বছর ধরে ওই এলাকায় রয়েছেন। এতদিন তিনিও পার্কের বেঞ্চে বসেছেন, কিন্তু কখনও কেউ তাঁকে এভাবে বাধা দেয়নি। যদিও সিটি কাউন্সিলের সদস্য সাইমন নওয়াকের বক্তব্য, শিশুদের খেলার জায়গা শিশুদের জন্যই। তাই সঙ্গে কোনও শিশু না থাকলে সেখানে প্রাপ্তবয়স্কদের থাকার অনুমতি নেই। পুরসভার দাবি, অননুমোদিত প্রবেশ বন্ধ করা এবং শিশু অপহরণের ঝুঁকি কমানোর লক্ষ্যেই এই নিয়ম।


