Bengal Liberty : রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর ও যামিনী রায়ের মতো প্রখ্যাত শিল্পীদের অমূল্য শিল্পকর্ম সংরক্ষণের দায়িত্ব ছিল রাজ্য সরকারের। কিন্তু সেই শিল্পকর্মগুলির যথাযথ রক্ষণাবেক্ষণ হয়নি বলে অভিযোগ। অথচ সংরক্ষণের নামে খরচ দেখানো হয়েছে বিপুল পরিমাণ টাকা। এ বার সেই অভিযোগের তদন্তে নামল প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন কমিশন। শুক্রবার চারুকলা পর্ষদ ও বাংলা আকাদেমিতে পৌঁছে তদন্ত শুরু করেন কমিশনের আধিকারিকেরা। প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং বাংলা আকাদেমির প্রাক্তন চেয়ারম্যান ব্রাত্য বসুর আমলের বিভিন্ন কার্যকলাপও রয়েছে তদন্তকারীদের নজরে।
রক্ষণাবেক্ষণের নামে বিপুল টাকা খরচ, কোথায় গেল সেই অর্থ?
অভিযোগ, তৃণমূল সরকারের আমলে রাজ্য চারুকলা পর্ষদে থাকা একাধিক বিখ্যাত শিল্পীর অমূল্য ছবি ও শিল্পকর্ম যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি। অবহেলায় পড়ে থেকে সেগুলির অনেকগুলিই নষ্ট হওয়ার মুখে। অথচ সরকারি তহবিল থেকে রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ অর্থ খরচ করা হয়েছে বলে হিসাব দেখানো হয়েছে। ফলে সেই অর্থের ব্যবহার নিয়ে উঠছে প্রশ্ন।
সূত্রের খবর, রাজ্য চারুকলা পর্ষদে প্রায় ১,২৫০টি মূল্যবান শিল্পকর্ম ও ছবি রয়েছে। তার মধ্যে ২৭২টি যামিনী রায়ের আঁকা। পাশাপাশি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, অতুল বসু, গোপাল ঘোষ, গোবর্ধন আশ, ধীরেন্দ্রনাথ ব্রহ্ম ও রথীন মিত্রের মতো বিশিষ্ট শিল্পীদের শিল্পকর্ম। অভিযোগ, এই অমূল্য সংগ্রহের যথাযথ দেখভাল হয়নি। রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ বিপুল অর্থ কোথায় এবং কী ভাবে খরচ হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও খবর
বাংলা আকাদেমির পুরস্কার ও নির্মাণকাজ নিয়েও অভিযোগ
শুধু চারুকলা পর্ষদ নয়, তদন্তের আওতায় এসেছে বাংলা আকাদেমিও। অভিযোগ, তৃণমূল আমলে আকাদেমির পুরস্কার প্রদানের ক্ষেত্রে স্বজনপোষণ করা হয়েছে। তৎকালীন শাসকদলের ঘনিষ্ঠ ব্যক্তিত্বদের পুরস্কৃত করার ক্ষেত্রে পক্ষপাতিত্ব করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। অন্য দিকে, বহু যোগ্য সাহিত্যিক ও গুণীজন পুরস্কার থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি। এ ছাড়াও বই প্রকাশের ক্ষেত্রে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ রয়েছে।
বাংলা আকাদেমির ভবনসংলগ্ন এলাকায় কয়েকটি নতুন নির্মাণকাজ নিয়েও উঠেছে দুর্নীতির অভিযোগ। অভিযোগ, মূল্যবান পাণ্ডুলিপি সংরক্ষণের নামেও বিপুল অর্থ খরচ দেখানো হয়েছে। কিন্তু যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে বহু পুরনো পাণ্ডুলিপি নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রিত্বের দায়িত্বে ছিলেন ইন্দ্রনীল সেন। অন্য দিকে, ২০২২ সাল থেকে বাংলা আকাদেমির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন ব্রাত্য বসু। তাঁদের দায়িত্বে থাকার সময়কালের আর্থিক বরাদ্দ, খরচের হিসাব এবং বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শুক্রবার দুপুরে চারুকলা পর্ষদ ও বাংলা আকাদেমিতে গিয়ে সংশ্লিষ্ট নথিপত্র পরীক্ষা করার পাশাপাশি সংরক্ষিত শিল্পকর্মের বর্তমান অবস্থাও খতিয়ে দেখেন কমিশনের আধিকারিকেরা। আর্থিক অনিয়মের অভিযোগের সত্যতা রয়েছে কি না, অনিয়ম হয়ে থাকলে তার সঙ্গে কারা জড়িত, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে।


