KIFF 2026
সঞ্জয় দত্তের বাসভবনে হিরণ

দুবাইয়ে সঞ্জয় দত্তের দরজায় কড়া নাড়লেন হিরণ! কলকাতা চলচ্চিত্র উৎসবে আসছেন সঞ্জুবাবা

শুক্রবার দুবাইয়ে সঞ্জয় দত্তের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন হিরণ। সৌজন্য সাক্ষাতের পাশাপাশি চলে দু’জনের আলাপচারিতা। সেই আড্ডার ফাঁকেই আগামী ১৬ ডিসেম্বর চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সঞ্জয়কে আমন্ত্রণ জানান হিরণ। সাক্ষাতের মুহূর্তের একটি ভিডিও সমাজমাধ্যমে ভাগ করে নেন তিনি। সেখানে সঞ্জয় দত্তকে পাশে নিয়ে হিরণ জানান, আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্জয়কে বিশেষ অতিথি হিসেবে পেতে চান তাঁরা। পাশাপাশি কলকাতার সঙ্গে অভিনেতার পারিবারিক যোগসূত্রের কথাও তুলে ধরেন হিরণ। তিনি জানান, সঞ্জয়ের মায়ের জন্মস্থানও কলকাতা। সেই সূত্রেই তাঁকে উৎসবে যোগ দেওয়ার বিশেষ অনুরোধ জানান বিধায়ক। হিরণের আমন্ত্রণে সম্মতি জানিয়ে সঞ্জয় বলেন, তিনি ১০০ শতাংশ উপস্থিত থাকবেন।

সঞ্জয়ের সঙ্গে সাক্ষাতের পর সমাজমাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন হিরণ। তিনি লেখেন, দুবাইয়ে বলিউড অভিনেতার বাসভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ হয়েছে। ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্য তাঁকে সাদর আমন্ত্রণ জানিয়েছেন তিনি। হিরণের আশা, ভারতীয় চলচ্চিত্র জগতের এই বিশিষ্ট অভিনেতার উপস্থিতি কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে আরও সমৃদ্ধ করবে।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।