Bengal Liberty : ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান! ফের একবার কলকাতার ময়দানে মুখোমুখি হতে চলেছে বাংলার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান। রবিবার ২৯ নভেম্বর আইএসএলের ২০২৬-২৭ মরশুমের প্রথম কলকাতা ডার্বিতে একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে দুই প্রধান। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই হাইভোল্টেজ ম্যাচ। শুধু তিন পয়েন্ট নয়, দুই দলের সমর্থকদের কাছে এই ম্যাচ সম্মান ও আবেগের লড়াই।
এবারের ডার্বিতে ইস্টবেঙ্গলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইএসএলের মঞ্চে মোহনবাগানের বিরুদ্ধে প্রথম জয় তুলে নেওয়া। এখনও পর্যন্ত আইএসএলে দুই দলের ১১টি সাক্ষাতে ৯ বার জয় পেয়েছে মোহনবাগান, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। অর্থাৎ লিগের মঞ্চে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে জয়ের খরা কাটানোই এখন লাল-হলুদ শিবিরের প্রধান লক্ষ্য।
অন্যদিকে, কোচ আন্তোনিও লোপেজ হাবাসের অধীনে ডার্বিতে নামার আগে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ইস্টবেঙ্গল। সদ্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে জর্ডানের আল হুসেইনকে ১-০ গোলে হারিয়েছে লাল-হলুদ ব্রিগেড। জ্যাকসন সিংয়ের শেষ মুহূর্তের গোলে এসেছে সেই গুরুত্বপূর্ণ জয়। তবে আইএসএলে শেষ দুই ম্যাচে চেন্নাইয়িনের কাছে ৫-৩ গোলে হার এবং এসসি দিল্লির বিরুদ্ধে ২-২ গোলে ড্র কিছুটা হলেও চিন্তায় রাখছে সমর্থকদের।
আরও খবর
অন্যদিকে, দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে আইএসএল লিগ টেবিলের শীর্ষস্থানে রয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। শেষ পাঁচটি ম্যাচেই জয় তুলে নিয়েছে তারা। ফলে ডার্বিতে জিতে নিজেদের আধিপত্য বোঝাই রাখতে মরিয়া সবুজ – মেরুন শিবির।
মোহনবাগানের আক্রমণভাগে জামি ম্যাকলারেন, দেইয়ান দ্রাজিচদের সামলানো হাবাসের দলের কাছে বড় পরীক্ষা হতে চলেছে। অন্যদিকে, ইস্টবেঙ্গলের আক্রমণভাগে আকে লোবার উপর বিশেষ নজর থাকবে। চলতি মরশুমে গোলের সামনে বেশ কার্যকরী ভূমিকা পালন করছেন আইভরি কোস্টের এই স্ট্রাইকার।
যদিও চলতি বছরের ডুরান্ড কাপ ফাইনালের স্মৃতি এখনও টাটকা। সেই ম্যাচে মোহনবাগানকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ট্রফি জিতেছিল ইস্টবেঙ্গল। তবে শেষ সাক্ষাতে ইস্টবেঙ্গল কে ১-০ গোলে হারিয়ে আইএফএ শিল্ডের শিরোপা নিজেদের নামে করেছিল মোহনবাগান। তবে দুই দলের সাম্প্রতিক ফর্ম এবং আইএসএলের পরিসংখ্যান বিচার করলে কিছুটা হলেও এগিয়ে থাকবে মোহনবাগান।
সব মিলিয়ে রবিবাসরীয় সন্ধ্যায় যুবভারতীতে উত্তেজনার পারদ যে চড়তে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। একদিকে আইএসএলে প্রথম ডার্বি জয়ের স্বপ্ন, অন্যদিকে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখার লড়াই। শেষ হাসি কে হাসবে, তার উত্তর মিলবে ৯০ মিনিটের ফুটবলেই।


