Bengal Liberty : কলকাতা ডার্বি মানেই উন্মাদনা, কলকাতা ডার্বি মানেই আবেগ, ডার্বি মানেই মান-সম্মানের লড়াই। চলতি ইন্ডিয়ান সুপার লিগে সমস্ত ম্যাচ এক জায়গায়, আর ডার্বি আলাদা জায়গায়। রবিবার ছুটির দিনে কবজি ডুবিয়ে মধ্যাহ্নভোজ সারার পর টিভির পর্দায় চোখ রেখে ম্যাচ শুরুর অপেক্ষা কিংবা খেলা শুরুর দু-তিন ঘণ্টা আগে স্টেডিয়ামে পৌঁছে নিজের চোখে ডার্বি দেখা—ডার্বির দিনে এই সবই যেন চিরাচরিত দৃশ্য।
শীর্ষস্থান আরও মজবুত করার লড়াইয়ে আজ মাঠে নেমেছিল মোহনবাগান। অন্যদিকে, এসিএল টু-তে ইতিহাস সৃষ্টি করে বেশ ভালো ফর্মেই ছিল ইস্টবেঙ্গল। কিন্তু শেষ পর্যন্ত শেষরক্ষা হল কই লাল হলুদ বাহিনীর।
জেমি ম্যাকলারেনের একমাত্র জয়সূচক গোলেই ডার্বির রং হল সবুজ-মেরুন। ৬৭ মিনিটে একটি ছোট ক্রস থেকে পাওয়া সুযোগের সদ্ব্যবহার করে ম্যাকলারেনের গোলে ১-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিল মোহনবাগান। সেই সঙ্গে আইএসএলের পয়েন্ট তালিকায় নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করল মোহনবাগান।
আরও খবর
সমর্থকদের উন্মাদনা, আবেগ, চিরাচরিত দৃশ্য—আজকের ম্যাচে প্রায় সব কিছুই ছিল। তবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের অভাব গোটা ম্যাচেই তাড়িয়ে বেরিয়েছে। পাস, বলের নিয়ন্ত্রণ, লক্ষ্যে শট এবং সব থেকে গুরুত্বপূর্ণ গোল—প্রতিটি বিভাগেই ইস্টবেঙ্গলকে বেশ ক্লান্ত দেখিয়েছে। প্রথম থেকেই যেন ‘হেরে গিয়েছি’—এই মনোভাবকে সঙ্গী করেই ময়দানে নেমেছিল জয়রা। এর পাশাপাশি কোচ হাবাসের অতিরিক্ত রক্ষণশীল খেলার ধরনও অনেকটাই চোখে লেগেছে।
৬৭ মিনিটে ম্যাকলারেনের গোলে এগিয়ে যাওয়ার পর আক্রমণ শানাচ্ছিল ইস্টবেঙ্গল, কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। ১-০ ব্যবধানে জয়ের সঙ্গে পয়েন্ট তালিকার শীর্ষে মোহনবাগান। অন্যদিকে, ডার্বিতে পরাজয়ের পর নবম স্থানে থাকলেও ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে ইস্টবেঙ্গলের কাছে।
তবে ম্যাচের পর মোহনবাগান সমর্থকদের স্লোগান, “নৌকার দাপটে নিভে গেল ইস্টবেঙ্গলের মশাল!” পরবর্তী ডার্বির আগে পর্যন্ত এই স্লোগানকে কেন্দ্র করেই নিজেদের আত্মবিশ্বাস আরও কয়েক গুণ বাড়িয়ে এগিয়ে যাবে সবুজ-মেরুন শিবির।


