Shamik Comments to Abhishek's Delhi visit
Bengal Liberty: এসআইআর (SIR) বিতর্কে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) দিল্লি (Delhi) যাত্রাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য(Shamik Bhattacharya)। শনিবার তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, নির্বাচন কমিশন সাংবিধানিক পরিকাঠামোর মধ্যেই শুদ্ধিকরণের কাজ করছে এবং এতে বিজেপির কোনও ভূমিকা নেই।
অভিষেকের বক্তব্য (Shamik Bhattacharya)
উল্লেখ্য, শনিবার সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ৩১ ডিসেম্বর তিনি নির্বাচন কমিশনে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) সঙ্গে সাক্ষাৎ করবেন। এসআইআর (SIR) সংক্রান্ত কাণ্ডকারখানা নিয়ে সামনাসামনি আলোচনা করাই তাঁর দিল্লি সফরের মূল উদ্দেশ্য।
অভিষেক জানান, কমিশনের দাবি অনুযায়ী যেসব ভোটারের নামে অসঙ্গতি রয়েছে, সেই ১ কোটি ৩৬ লক্ষ ভোটার কারা—সে বিষয়ে স্পষ্ট উত্তর চাইবেন তিনি। তাঁর কথায়, যদি সত্যিই ‘লজিক্যাল ডিসক্রিমেন্সি’ বা বাতিলের তালিকা তৈরি হয়ে থাকে, তবে তা জনসমক্ষে প্রকাশ করা হোক।
শমীক ভট্টাচার্যের বক্তব্য (Shamik Bhattacharya)
এরপরই অভিশেষেকের মন্তব্যের জেরে শুরু হয় রাজনৈতিক তরজা। শমীক ভট্টাচার্যের বক্তব্য, নিজের রাজনৈতিক মত প্রকাশ করা ও অবস্থান স্পষ্ট করার পূর্ণ অধিকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রয়েছে। কেউ যদি মনে করেন নির্বাচন কমিশনের কাজে বিচ্যুতি আছে, তবে দিল্লি গিয়ে কমিশনের সঙ্গে দেখা করা বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার অধিকারও রয়েছে। তবে এর সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই বলে মন্তব্য করেন তিনি।
একই সঙ্গে কটাক্ষের সুরে শমীক বলেন, অভিষেক মিছিল করতে পারেন, পদযাত্রা করতে পারেন, গান্ধী মূর্তির পাদদেশে বসে কবিতা বিতান থেকে কবিতা পড়তেও পারেন—সবই তাঁর অধিকার। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার সঙ্গে আপস করবে না এবং পশ্চিমবাংলাকে ‘পশ্চিম বাংলাদেশ’ বানাতে দেবে না।
প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন প্রশ্ন তোলেন, যদি এক কোটি রোহিঙ্গা বা বাংলাদেশি ভোটার থাকার দাবি করা হয়, তা হলে তার পক্ষে প্রয়োজনীয় নথিও প্রকাশ করতে হবে। এ বিষয়ে তাঁর কড়া বার্তা, “হয় তালিকা প্রকাশ করুন, না হলে বাংলার মানুষের কাছে কান ধরে ক্ষমা চান।”
এসআইআর ঘিরে তৃণমূল ও বিজেপির মধ্যে ক্রমশ তীব্র রাজনৈতিক চাপানউতোরের আবহে, ৩১ ডিসেম্বর নির্বাচন কমিশনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে চলেছে। তবে এসআইআর ইস্যুতে তৃণমূলের আক্রমণ ও তার পাল্টা জবাবে শমীক ভট্টাচার্যের কড়া অবস্থান রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক আরও তীব্র করল (Shamik Bhattacharya)।
