Aadhaar cards Found
Bengal Liberty, ১৯ এপ্রিল :
ভোটের আর মাত্র কয়েকদিন বাকি। তার আগেই আজ, রবিবার দুপুরে শুলনগুড়ি দক্ষিণপাড়া এলাকায় নিরিবিলি খালের পাড়ে খেলা করতে থাকা বাচ্চারা আবিষ্কার করে একটি মুখ বন্ধ বস্তা। ভোটের মুখে যে বস্তার ভেতর থেকে উদ্ধার হয় কয়েকশো আধার কার্ড (Aadhaar cards Found)। কোথা থেকে এই আধার কার্ড খালের ধারে এল, তা নিয়ে শোরগোল পড়ে এলাকায়। স্থানীয়দের অভিযোগ, এসআইআর সংক্রান্ত কাজে নিযুক্ত বিএলওর গাফিলতিতেই এই ঘটনা ঘটতে পারে। উদ্ধার হওয়া সব কার্ডেই হাইলাইট ছিল শুলনগুড়ি দক্ষিণপাড়া এলাকার ঠিকানা। SIR এর আবহে এই আধার কার্ড যে কোনও বৈধ ভোটারের হতে পারেনা এবিষয়ে ১০০ শতাংশ নিশ্চিত সকলেই। তাহলে কি অনুপ্রবেশকারীদের? তাদের বিলি না করতে পেরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে খালের জলে (Aadhaar cards Found)?

ঘটনার বৃত্তান্ত (Aadhaar cards Found)
রবিবার নিউটাউনের শুলনগুড়ি দক্ষিণপাড়ার খালের ধারে একটি পরিত্যক্ত বস্তা ঘিরে সন্দেহ দানা বাঁধে স্থানীয়দের মনে। রাজারহাট নিউটাউন বিধানসভা কেন্দ্রের জ্যাংড়া হাতিয়ারা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের গৌরাঙ্গনগর এলাকার বাসিন্দারা প্রথম বস্তাটি দেখতে পান। বস্তা খুলতেই সামনে আসে চাঞ্চল্যকর ছবি, ভেতরে ঠাসা কয়েকশো আধার কার্ড। খবর ছড়াতেই মুহূর্তে এলাকায় জড়ো হন স্থানীয়রা। কার্ডগুলি হাতে নিয়ে খতিয়ে দেখতে শুরু করেন তাঁরা, আর তারপরই উঠতে থাকে একের পর এক প্রশ্ন।

স্থানীয়দের অভিযোগ (Aadhaar cards Found)
আধার কার্ডগুলি পরীক্ষা করে স্থানীয়দের দাবি, উদ্ধার হওয়া সব কার্ডই শুলনগুড়ি দক্ষিণপাড়ার ঠিকানা রয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, এলাকার মানুষের গুরুত্বপূর্ণ নথি খালের ধারে বস্তাবন্দি অবস্থায় এল কীভাবে? স্থানীয়দের একাংশের অভিযোগ, এসআইআর সংক্রান্ত কাজে যুক্ত বিএলওর গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। এক বাসিন্দার দাবি, প্রায় তিনশো আধার কার্ড ফেলে রাখা হয়েছিল এবং এর পিছনে স্থানীয় বিএলওর ভূমিকা থাকতে পারে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নিউটাউন থানার পুলিশ। কেন এবং কীভাবে এই আধার কার্ডগুলি সেখানে পড়ে রইল, তা ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এসআইআর প্রক্রিয়ার প্রেক্ষাপটে বাড়ল জল্পনা (Aadhaar cards Found)
গত বছরের নভেম্বর মাসে বাংলায় শুরু হয়েছিল এসআইআর প্রক্রিয়া, যার আওতায় বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনুমারেশন ফর্ম বিলি করেছিলেন। সেই সময় রাজ্যের বিভিন্ন প্রান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এলাকা ছাড়ার খবর সামনে এসেছিল। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরে সীমান্ত পারাপার ঘিরেও নজরে পড়েছিল ভিড়। এই প্রেক্ষাপটে নিউটাউনে বস্তাবন্দি আধার কার্ড উদ্ধারের ঘটনায় নতুন করে নানা জল্পনা তৈরি হয়েছে। যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি, উদ্ধার হওয়া সব আধার কার্ডই এলাকার সাধারণ বাসিন্দাদের। ফলে এই ঘটনার নেপথ্যে ঠিক কী রয়েছে, তা এখন পুরোপুরি নির্ভর করছে পুলিশি তদন্তে কী উঠে আসে তার উপর।
