Bengal Liberty
রাজ্যে শিল্পায়নের বার্তা জোরদার করতে বড় পদক্ষেপ(Amit Shah) নেওয়া হলো। রবিবার হাওড়ার সাঁকরাইলে আমূলের দই উৎপাদন কারখানার শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের অন্তর্গত আমূল প্রায় ৭০০ কোটি টাকা বিনিয়োগ করে সেখানে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কারখানা গড়ে তুলতে চলেছে।

মমতা সরকারকে খোঁচা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর(Amit Shah)
রবিবার সেই প্রকল্পের ভূমিপুজো অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি এই ভূমিপুজোর শুভ সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ একাধিক মন্ত্রী ও নেতৃত্ব। এই উদ্বোধনী অনুষ্ঠান থেকেই রাজ্যের কৃষকদের ‘অন্নদাতা’ বলে সম্বোধন করেন শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গুজরাটের প্রসঙ্গ টেনে পূর্বতন সরকারকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কারা যেন বলত, বাংলাকে গুজরাট হতে দেব না। তাঁরা আজ ঘরে বসে টিভিতে দেখছেন, আমূল আজ ৭০০ কোটি টাকা বিনিয়োগ করছে পশ্চিমবঙ্গের উন্নতির জন্য।”


তিনি আরও বলেন, “সমবায় বিপ্লব ছাড়া অর্থনীতিকে সমৃদ্ধ করা সম্ভব হতো না। স্বাধীনতার পর কেউ ভাবেনি, কিন্তু মোদীজি একটি ডেয়ারি ও একটি সমবায় দফতর তৈরি করেছেন। উনি এটা বুঝেছেন কারণ উনি একজন সফল মুখ্যমন্ত্রীও ছিলেন। বিকল্প অর্থনীতির একমাত্র রাস্তা হলো সমবায়। আমূল পরিবারকে ধন্যবাদ। ৩০ হাজার মহিলা এই সমবায়ের সাথে যুক্ত আছেন। হাওড়ায় ভূমিপুজো দিয়ে এর কাজ শুরু হচ্ছে। মিষ্টি দই শুধু এ রাজ্যের প্রিয় খাদ্য নয়, তা গোটা দেশে ছড়িয়ে পড়বে। আমরা কৃতজ্ঞ।” রাজ্য সরকারের দাবি, নতুন এই প্রকল্পের মাধ্যমে শিল্পোন্নয়নের পাশাপাশি বিপুল কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে। শ্যাম স্টিলের সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধনের পরদিনই আমূলের এই বিনিয়োগকে রাজ্যে শিল্পায়নের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরছে সরকার।


