Bengal Liberty : তেরো বছর আগের একটি ঘটনা। সেদিনও ছিল ২৩ নভেম্বর, ২০১৩। সারদা-কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন তৎকালীন তৃণমূলের রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষ। আর ১৩ বছর পর, সেই একই দিনের স্মৃতি উসকে দিয়ে পুরনো একটি ছবি ফেসবুকে পোস্ট করলেন তিনি। সেই সঙ্গে তুলে ধরলেন গ্রেফতারি, দলের পাশে না থাকা এবং সেই সময়ের মানসিক যন্ত্রণার কথা। তবে এত কিছুর পরেও দল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিয়েছেন কুণাল। তাঁর এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
ফেসবুক পোস্টে কুণাল লিখেছেন, “দুপুরে বিধাননগর দক্ষিণ থানায় গেছিলাম তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে আমার অভিযোগ জমা দিতে। ছবিটি তখন তোলা। এরপর ওই থানায় আমার বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও, আমার নামে ওয়ারেন্ট না থাকলেও আমাকে ওই থানা থেকে অবৈধভাবে গ্রেফতার করে পুলিশ।” তাঁর দাবি, পরে আদালত শুধু গ্রেফতারিই নয়, মামলাটিও খারিজ করে দিয়েছিলেন। বিধায়কের কলমে উঠে এসেছে, সেদিন তাঁর জীবনে যে বড় ক্ষতি হয়েছিল, তার প্রভাব এখনও রয়ে গিয়েছে।
সেই কঠিন সময়ে দলের ভূমিকা নিয়েও সরব হয়েছেন কুণাল। তাঁর কথায়, “তখন দল আমার পাশে থাকেনি। আমার কাঁধে বন্দুক রেখেছিল। সেই লড়াইটা লড়েছিলাম একা, ছোট্ট ঘনিষ্ঠ শুভানুধ্যায়ী বৃত্তকে সঙ্গে নিয়ে।” জেলবন্দি দিনগুলিতে দলের কাছ থেকে কোনও খোঁজখবর না পাওয়া, এমনকি মায়ের মৃত্যুর পরেও দলের কারও ফোন না আসার যন্ত্রণার কথাও তুলে ধরেছেন তিনি। ২০১৬ সালে জামিনে মুক্তির পর ধীরে ধীরে ফের সক্রিয় রাজনীতিতে ফিরেছিলেন কুণাল।
আরও খবর
এরপর সময় বদলেছে। বদলেছে রাজ্যের রাজনৈতিক সমীকরণও। রাজনৈতিক পালাবদলের পর মমতা-ঘনিষ্ঠ একাধিক সাংসদ, বিধায়ক ও পরিচিত মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির থেকে সরে গিয়েছেন। দলের অন্দরের ভাঙন ও নেতৃত্বের দ্বন্দ্বের আবহে মমতার পাশে থাকা কয়েকজন পরিচিত মুখের মধ্যে কুণাল রয়েছেন প্রথম সারিতে। তাঁর এই অবস্থানই যেন আরও একবার সামনে এল তেরো বছর আগের পুরনো ক্ষতের স্মৃতিচারণায়।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৩ নভেম্বর সারদা গোষ্ঠীর মিডিয়া সংস্থায় কর্মীদের বেতন না দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলায় গ্রেফতার হয়েছিলেন কুণাল। সেই সময় তিনি সারদার মিডিয়া ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। গ্রেফতারির পর সারদা-কাণ্ডে তদন্তের স্বার্থে একাধিক ব্যক্তির নামও সামনে আনেন তিনি। গ্রেফতারির আগে সংবাদমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন কুণাল। আর আজ, সেই একই দিনে স্মৃতিচারণার মাধ্যমে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর উপর হওয়া কথিত অত্যাচারের কথা মনে করিয়ে দিলেন তিনি। অন্তত তাঁর ফেসবুক পোস্টের বক্তব্যে সেই পুরনো ক্ষোভ ও যন্ত্রণার প্রতিফলন স্পষ্ট।
তবে পুরনো ক্ষোভের কথা প্রকাশ করেও দলের প্রতি আনুগত্যের বার্তা দিয়েছেন কুণাল। তাঁর কথায়, “কিন্তু, এত কিছুর পরেও আজ এই মুহূর্তে আমি দলের সঙ্গে, দিদির সঙ্গে থাকব একজন সৈনিক হিসেবে। আনুগত্য কাকে বলে, সেটা দেখিয়ে দিয়ে যেতে চাই।” তিনি আরও লিখেছেন, “দিদি আমাকে বিধায়ক করেছেন, আমি অকৃতজ্ঞ হতে পারব না। অভিষেক আমাকে জায়গা দিয়েছিল, কৃতজ্ঞতা আছে, থাকবে।”
একই সঙ্গে দলের অন্দরের সমস্যাগুলি মেরামতের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন তিনি। কুণালের বক্তব্য, “দল ঠিক থাকলে সবাই ভালো থাকব। আর দলকে ঠিক রাখতে অপ্রিয় ইস্যুগুলো মেরামত করা জরুরি।” সব মিলিয়ে তেরো বছর আগের গ্রেফতারির স্মৃতি এবং দলের বিরুদ্ধে পুরনো অভিযোগ নতুন করে সামনে এনে ফের রাজনৈতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কুণাল ঘোষ।


