Bengal Liberty : “কয়েকজনের জন্য সবার ক্ষতি বরদাস্ত করা যাবে না।” নিজের দলের সহকর্মীদের একাংশের আচরণে রীতিমতো ক্ষুব্ধ তৃণমূল নেতা তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। ফেসবুকে দীর্ঘ পোস্ট করে নাম না করেই দলের একাংশের সোশ্যাল মিডিয়াকেন্দ্রিক প্রচার, নেতানেত্রীদের নাম ভাঙিয়ে প্রভাব বিস্তার এবং সংগঠনের কাজে নিষ্ক্রিয়তা নিয়ে তীব্র আক্রমণ শানিয়েছেন তিনি। রাজনৈতিক মহলের একাংশের মতে, কুণালের এই নিশানার কেন্দ্রে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত দলের একাংশ।
তৃণমূল ক্ষমতায় থাকাকালীন সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ছিল অভিষেক-অনুগামীদের একাধিক গ্রুপ। যুব তৃণমূলের বহু সমর্থক অভিষেককে ‘দাদা’ বলে সম্বোধন করতেন। কোথাও ‘আমাদের যুবরাজ দাদা’, কোথাও আবার অভিষেক-অনুগামীদের বিভিন্ন নামে গ্রুপ তৈরি করে সোশ্যাল মিডিয়ায় লাগাতার প্রচার চলত। সেই সমস্ত গ্রুপে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কার্যত দেবতুল্য করে তুলে ধরার প্রবণতাও চোখে পড়ত বলে দাবি। দলের অন্দরে এই অনুগামী সংস্কৃতি এবং ব্যক্তিকেন্দ্রিক প্রচার নিয়েই কি এবার সরব হলেন কুণাল?
রাজনৈতিক পালাবদলের পর সেই পরিচিত অনুগামীদের একাংশের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। তাঁর আগের বিভিন্ন পোস্টেও অভিষেকের চারপাশে থাকা একাংশের ভূমিকা নিয়ে অসন্তোষের ইঙ্গিত মিলেছে। তাঁর বক্তব্যের নির্যাস, নেতার নাম ব্যবহার করে জনপ্রিয়তা বাড়ানো আর দলের সংগঠনের জন্য প্রকৃত কাজ করা এক বিষয় নয়। ক্ষমতার সময় যাঁরা নেতার চারপাশে ভিড় করেন, কঠিন সময়ে তাঁদের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক।
আরও খবর
এবারের পোস্টে কুণাল লিখেছেন, “কারণে-অকারণে তেল মারা, নেম ড্রপিং, বড় নামের সঙ্গে জড়িয়ে পোস্ট করা, নির্দিষ্ট রাস্তা বা ঠিকানা দেখিয়ে লাইভ ও রিলস তৈরি করা, এসব আর নেওয়া যাচ্ছে না।” সোশ্যাল মিডিয়ায় নাটক করতে গিয়ে সহকর্মীদের বিপদে ফেলার প্রবণতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তাঁর কটাক্ষ, এলাকার সংগঠনে কাজ না করে বিকেলে দেড় ঘণ্টার জন্য ‘জিন্দাবাদ’ সফর, অকারণে রোজ মুখ দেখানো কিংবা ফেসবুকের লাইক ও ফলোয়ারের সংখ্যাকে জনপ্রিয়তার মাপকাঠি বলে মনে করার প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন।
কুণালের আরও অভিযোগ, কাজে ভুল হতেই পারে। কিন্তু একই ভুলের পুনরাবৃত্তি এবং কিছু মানুষের মাত্রাছাড়া হইচই দলের জন্য আত্মঘাতী হয়ে উঠতে পারে। বাংলার বিভিন্ন প্রান্তে বহু কর্মী অত্যাচারিত, বন্দি, ঘরছাড়া ও কর্মচ্যুত হয়েও নেত্রীর প্রতি অনুগত রয়েছেন। সেই পরিস্থিতিতে অপরিণত ও উদ্দেশ্যপ্রণোদিত কাজ কোনওভাবেই কাম্য নয়। বারবার বুঝিয়েও কাজ না হলে এবার কড়া ডোজের প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।
সবশেষে তাঁর স্পষ্ট বার্তা, “কয়েকজনের জন্য সবার ক্ষতি বরদাস্ত করা যাবে না।” ফলে প্রশ্ন উঠছে, তৃণমূলের অন্দরে কি এবার ব্যক্তিকেন্দ্রিক আনুগত্যের রাজনীতির বিরুদ্ধেই সরব হচ্ছেন কুণাল? অভিষেক-ঘনিষ্ঠদের নাম না করেও তাঁর এই পোস্ট কি দলের যুব সংগঠনের একাংশের উদ্দেশেই রাজনৈতিক সতর্কবার্তা? কুণালের এই বিস্ফোরক পোস্ট ঘিরে ফের প্রকাশ্যে তৃণমূলের অভ্যন্তরীণ টানাপড়েনের ইঙ্গিত মিলছে।


