Bengal Liberty : রাজ্যে ভোটার তালিকা সংশোধনের নির্ধারিত কর্মসূচিতে বড়সড় পরিবর্তন। আপাতত স্থগিত করে দেওয়া হল ২০২৭ সালের স্পেশাল সামারি রিভিশন বা SSR প্রক্রিয়া। আগামী ২৩ নভেম্বর থেকে রাজ্যে ছবিসহ ভোটার তালিকা সংশোধনের এই কাজ শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য পরিস্থিতির কারণে তা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। শুক্রবার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পরবর্তী সময়ে সংশোধিত কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে CEO দফতর।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৭ সালের ফটো ইলেক্টোরাল রোলের স্পেশাল সামারি রিভিশন আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু কিছু অনিবার্য পরিস্থিতির কারণে আপাতত সেই কর্মসূচি স্থগিত রাখা হচ্ছে। যদিও ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। কবে থেকে পুনরায় এই প্রক্রিয়া শুরু হবে, সে বিষয়েও নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানানো হয়নি।
উল্লেখ্য, এই প্রক্রিয়ার মাধ্যমে নতুন ভোটারদের নাম তালিকাভুক্ত করার পাশাপাশি বিদ্যমান ভোটার তালিকায় থাকা নাম ও তথ্যের ভুল সংশোধনের পরিকল্পনা ছিল। বিশেষত, ২০২৭ সালের ১ জানুয়ারির মধ্যে যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাঁরাও নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করার সুযোগ পেতেন। পাশাপাশি মৃত ভোটার, স্থায়ীভাবে অন্যত্র স্থানান্তরিত ভোটার এবং একাধিক জায়গায় একই ব্যক্তির নাম থাকলে তা বাদ দেওয়ার প্রক্রিয়াও এই সংশোধনের আওতায় ছিল।
আরও খবর
আগে প্রকাশিত সূচি অনুযায়ী, ২৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের কথা ছিল। এরপর ২২ ডিসেম্বর পর্যন্ত নাম সংযোজন, বিয়োজন ও সংশোধনের জন্য আবেদন এবং আপত্তি জানানোর সুযোগ দেওয়া হত। ২০২৭ সালের ৮ জানুয়ারির মধ্যে সেই সমস্ত আবেদন নিষ্পত্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল নির্বাচন দফতর। সবশেষে ১৬ জানুয়ারি প্রকাশিত হওয়ার কথা ছিল চূড়ান্ত ভোটার তালিকা। কিন্তু পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ২৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না। নতুন কর্মসূচি কবে ঘোষণা করা হয়, এখন সেদিকেই নজর সাধারণ ভোটারদের।


