পুলিশকে হুমকির অভিযোগে শুভেন্দু-সুকান্ত-দিলীপের বিরুদ্ধে জিরো এফআইআর অভিষেকের
পুলিশকে হুমকির অভিযোগে শুভেন্দু-সুকান্ত-দিলীপের বিরুদ্ধে জিরো এফআইআর অভিষেকের

পুলিশকে হুমকির অভিযোগে শুভেন্দু-সুকান্ত-দিলীপের বিরুদ্ধে জিরো এফআইআর অভিষেকের

Bengal Liberty : পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে শুক্রবার গিরিশ পার্ক থানায় হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই গিরিশ পার্ক থানাতেই পুলিশের বিরুদ্ধে হুমকিসূচক মন্তব্য করার অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারের বিরুদ্ধে জিরো এফআইআর দায়ের করলেন অভিষেক। বিজেপি নেতাদের বিরুদ্ধে কলকাতা ও রাজ্য পুলিশের উদ্দেশে একাধিকবার হুমকিমূলক মন্তব্য করার অভিযোগ তুলেছেন তিনি।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অর্ক নাগ বলেন, অতীতেও একাধিকবার কলকাতা পুলিশকে উদ্দেশ্য করে হুমকিসূচক মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদার। তা সত্ত্বেও তাঁদের বিরুদ্ধে কেন কোনও পদক্ষেপ করা হয়নি, সেই প্রশ্নও তোলেন তিনি। আইনজীবীর দাবি, পুলিশের বিরুদ্ধে এ ধরনের হুমকিমূলক মন্তব্যের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে যথাযথ আইনি পদক্ষেপ করা প্রয়োজন।

পাশাপাশি, গিরিশ পার্ক থানার পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অর্ক নাগ। তাঁর বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের ক্ষেত্রে পুলিশ যে তৎপরতা ও দ্রুততা দেখিয়েছে, বিজেপি নেতাদের বিরুদ্ধে দায়ের হওয়া এই জিরো এফআইআরের ক্ষেত্রেও একই পদক্ষেপ প্রত্যাশিত। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইনজীবী বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয়টির ক্ষেত্রে গিরিশ পার্ক থানার পুলিশ যে তৎপরতা ও দ্রুততা দেখিয়েছে, আশা করি এই জিরো এফআইআরের ক্ষেত্রেও একই রকম তৎপরতা দেখাবে এবং বিষয়টি তদন্ত করবে।”

এদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থানায় হাজিরাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে গিরিশ পার্ক থানা চত্বর। আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের নেতা-কর্মী ও সমর্থকেরা। অভিষেক থানায় প্রবেশ করার পরই সেখানে পৌঁছে যান বিজেপির কর্মী-সমর্থকেরাও। এরপর দুই পক্ষের মধ্যে শুরু হয় স্লোগান ও পাল্টা স্লোগান। ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দুই দলের কর্মী-সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনাও ঘটে বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করে পুলিশ।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।