Bengal Liberty : কলকাতায় পুরভোট করানো নিয়ে উদ্যোগী হতে চায় বিজেপি। কলকাতায় আসন পুনর্বিন্যাসের বিষয়টি আদালতের জটে আটকে রয়েছে। কিন্তু তা সত্ত্বেও পুরনো ওয়ার্ড সংখ্যার ভিত্তিতে কলকাতায় ভোট করাতে চায় বিজেপি। শুক্রবার কলকাতায় পুরভোটের ব্যাপারে সাংগঠনিক দায়িত্বে থাকা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এমন ইঙ্গিত দিয়েছেন।
এদিন পুরভোট নিয়ে দলীয় বৈঠক শেষে সুকান্ত মজুমদার জানান, আদালত ওয়ার্ড পুনর্বিন্যাসের ওপর স্থগিতাদেশ দিয়েছে। কিন্তু কলকাতায় ১৪৪টি ওয়ার্ডে তো ভোট হতেই পারে। তাতে কোনও বাধা নেই। উল্লেখ্য, কলকাতায় ওয়ার্ড পুনর্বিন্যাস করে ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯টি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু ওয়ার্ড সংখ্যা বাড়ানোর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আদালতে যায় সিপিএমের এক প্রাক্তন কাউন্সিলর।
ওয়ার্ডগুলির সীমানা নির্ধারণ নিয়ে প্রশ্ন তোলা হয়। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে এই ব্যাপারে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয়েছে। এদিন পুরভোটের আগে সাধারণ মানুষের মন বুঝতে বাড়ি বাড়ি সেবাদূত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বঙ্গ বিজেপি। সেই প্রতিনিধি বাড়ি বাড়ি গিয়ে সংকল্পপত্র অনুযায়ী বিজেপি সরকার কতটা কাজ করতে পেরেছে, সেই বিষয়ে জানতে চাইবেন। পুরভোটের যুদ্ধে নামার আগে গেরুয়া শিবিরের এই উদ্যোগ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


