Sukanta Majumder
Sukanta Majumder

পুরভোটে তৃণমূলের প্রাক্তনীদের টিকিট? জল্পনা বাড়ালেন সুকান্ত

পুরভোটে এনসিপিআইয়ের সঙ্গে জোটের জল্পনা আগেই খারিজ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, কলকাতা পুরসভার ভোটে একাই লড়বে বিজেপি। এবার সেই অবস্থানেই সিলমোহর দিলেন সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য, কলকাতার ২০৯টি ওয়ার্ডেই পদ্মফুল প্রতীকে প্রার্থী দেবে বিজেপি। অর্থাৎ, জোটের পরিবর্তে একক শক্তিতেই পুরভোটে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে দল।

শনিবার সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার জানান, পুরভোটে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে দলের পুরনো কার্যকর্তা ও কর্মীদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবেন। আগামী ২৬ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করেছে বিজেপি। দলীয় নেতৃত্বের বক্তব্য, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে একাধিক বিষয় খতিয়ে দেখা হবে। সংশ্লিষ্ট ব্যক্তির ভাবমূর্তি, স্থানীয় মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা এবং জয়ের সম্ভাবনাকে গুরুত্ব দেওয়া হবে। সাংগঠনিক স্তরে মতামত নেওয়ার পাশাপাশি বুথ স্তরেও তথ্য যাচাই করা হবে। এরপরই চূড়ান্ত হবে প্রার্থী তালিকা।

তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরদের বিজেপির টিকিটে লড়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সুকান্ত মজুমদার বলেন, ‘বিজেপির যাঁরা পুরনো কার্যকর্তা, যাঁরাই ভোটের আগে বিজেপির সঙ্গে ছিলেন, তাঁদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তবে, রাজনীতিতে অসম্ভব বলে কিছুই হয় না।’ সুকান্তর এই মন্তব্যে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের বিজেপির প্রার্থী হওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়নি। যদিও এই সম্ভাবনা নিয়ে ভিন্ন অবস্থান নিয়েছেন শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য, ‘মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে। মানুষ জামা পরিবর্তনের জন্য ভোট দেয়নি। ভিতরের মানুষটা পরিবর্তনের জন্য ভোট দেওয়া হয়েছে।’

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।