Suvendu Adhikari
Suvendu Adhikari

ঝাড়গ্রামের উন্নয়নে ৩৪২ কোটি টাকা বরাদ্দ, একগুচ্ছ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

মানিকপাড়ার কালাঝরিয়ায় লোধা-শবর সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, রেশন ব্যবস্থার বাইরে অতিরিক্ত উদ্যোগ হিসেবে পুষ্টিকর খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার প্রকল্প চালু হচ্ছে। পুষ্টিকর খাবার থেকে যাতে জনজাতি সম্প্রদায়ের কোনও পরিবার বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত। উল্লেখ্য, রাজ্য বাজেটেই এই প্রকল্পের ঘোষণা করা হয়েছিল।

এ ছাড়াও, তফসিলি জনজাতির প্রবীণদের বার্ধক্য ভাতা মাসে দেড় হাজার টাকা করার কথা জানান মুখ্যমন্ত্রী। আদিবাসী পড়ুয়াদের মাসে ৮০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণাও করেন তিনি। পাশাপাশি, বাঁকুড়া ও ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয় গড়ে তোলার সিদ্ধান্তের কথা তুলে ধরেন। ঝাড়গ্রাম জেলায় ২ লক্ষ ৭২ হাজার ৯০৩ জন অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধা পাচ্ছেন বলেও জানান তিনি।

ঝাড়গ্রামের পরিকাঠামো ও সার্বিক উন্নয়নে ৩৪২ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়ে আগামী ছ’মাসের মধ্যে জেলার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি নিশ্চিত করতে জেলাশাসককে নির্দেশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি, আদিবাসী মহিলাদের আর্থিক ভাবে স্বনির্ভর করে তুলতে ‘আদিবাসী মহিলা সমৃদ্ধি যোজনা’ চালুর কথাও ঘোষণা করেন তিনি। কর্মসংস্থানের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ১২৫ দিনের কাজের গ্যারান্টি দেওয়ার কথা বলেন। যাঁরা নতুন করে জবকার্ড নিতে চান, তাঁদেরও জবকার্ড দেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

এই কর্মসূচি থেকেই আগের সরকারকে নিশানা করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, কেন্দ্রের একাধিক প্রকল্পে বিগত সরকার যুক্ত হয়নি এবং পশ্চিমাঞ্চলের উন্নয়নেও পর্যাপ্ত গুরুত্ব দেওয়া হয়নি। আগের মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমাঞ্চলে মাত্র ছ’কোটি টাকার কাজ করেছিলেন বলেও দাবি করেন তিনি। শুভেন্দুর কথায়, “এই সরকার পশ্চিমাঞ্চলকে বঞ্চিত করবে না। পশ্চিমাঞ্চলের দায়িত্বও আমার হাতেই।”

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।