Bengal Liberty : পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজের অপরিচ্ছন্নতা নিয়ে বিজেপি সাংসদের অভিযোগের পরেই নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর। শুক্রবার স্বাস্থ্য ভবনে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অ্যাসিস্ট্যান্ট সুপার এবং সাফাইকর্মীদের নিয়ে বৈঠক করলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। হাসপাতালগুলিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং আধিকারিক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি সংক্রান্ত নিয়ম মেনে চলা নিশ্চিত করতেই এই বৈঠক বলে জানিয়েছেন তিনি। পুরুলিয়ার ঘটনার পুনরাবৃত্তি যাতে অন্য কোনও হাসপাতালে না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী।
সম্প্রতি পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে যত্রতত্র আবর্জনার স্তূপ জমে থাকার ছবি সামনে আসে। হাসপাতালের অপরিচ্ছন্নতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। অভিযোগ, বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলেও সন্তোষজনক প্রতিক্রিয়া মেলেনি। এরপর রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে ইমেল মারফত বিষয়টি জানান সাংসদ। সেই ঘটনার পরেই হাসপাতালের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের পাশাপাশি পাঁচ জন অ্যাসিস্ট্যান্ট সুপারকে শো-কজ করার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
শুক্রবারের বৈঠকের আগে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেই জন্যই এই বৈঠক।” তাঁর দাবি, হাসপাতালগুলিতে সাফাইকর্মী বা পরিষ্কারের সরঞ্জামের কোনও অভাব নেই। তা সত্ত্বেও কোথাও কোথাও বিনা অনুমতিতে ছুটি দেওয়ার ঘটনা সামনে আসছে। এই প্রবণতা বন্ধ করতে হবে বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।
আরও খবর
স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, সরকারি কাজের ক্ষেত্রে দায়বদ্ধতার পাশাপাশি প্রত্যেকের নিজের কাছেও দায়বদ্ধ থাকা জরুরি। কোনও দুর্ঘটনা বা অপ্রীতিকর পরিস্থিতির পর হাসপাতাল কর্তৃপক্ষ ও কর্মীদের আরও সতর্ক থাকা উচিত। সেই কারণে আলাদা করে নির্দেশিকা জারি করতে হলে, তাও করা হবে বলে জানিয়েছেন তিনি।
চোরবাগানের মর্মান্তিক ঘটনার প্রসঙ্গও উঠে আসে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে। তাঁর মতে, সাম্প্রতিক ঘটনাগুলি থেকে শিক্ষা নিয়ে হাসপাতালগুলিকে সব সময় প্রস্তুত থাকতে হবে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং আধিকারিকদের নিজেদের দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে হবে। হাসপাতালের পরিষেবা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই আরও সক্রিয় ভূমিকা নিতে হবে বলে বার্তা দিয়েছেন তিনি।


