Canning
Canning

বিধায়কের বাড়িতে পুলিশের হানা, গ্রেফতার ৪ তৃণমূল নেতা! কোথায় পরেশরাম দাস?

পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে রয়েছেন দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান শিলাদিত্য রায়। বাকি তিন জনও তৃণমূলের স্থানীয় নেতা বলে জানা গিয়েছে। তাঁদের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা, মারধর, তোলাবাজি ও ভাঙচুরের অভিযোগ রয়েছে। একই ধরনের একাধিক অভিযোগ রয়েছে বিধায়ক পরেশরাম দাসের বিরুদ্ধেও। সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার তাঁর বাড়িতে অভিযান চালায় বারুইপুর জেলা পুলিশ ও ক্যানিং থানার পুলিশ।

অভিযানের সময় বিধায়কের বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কিন্তু বাড়িতে পরেশরামকে পাওয়া যায়নি। একাধিকবার ফোন করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর তাঁর চার অনুগামীকে গ্রেফতার করে পুলিশ। বিধায়কের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। শনিবার দুপুর পর্যন্তও তাঁর খোঁজ মেলেনি। তবে পুলিশের অভিযান এড়াতেই তিনি গা ঢাকা দিয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

পরেশরাম দাসকে ঘিরে বিতর্ক নতুন নয়। ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের সময় বিরোধীদের উপর হামলা ও বোমাবাজির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। বিরোধীদের নির্বাচনে অংশ নিতে বাধা দেওয়ার অভিযোগও উঠেছিল। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সামনে আসে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সিআইডি। গত মাসে ভবানীভবনে হাজিরাও দেন তৃণমূল বিধায়ক। গ্রেফতারি এড়াতে পরেশরাম দু’বার আলিপুর আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন। তবে দু’বারই সেই আবেদন খারিজ হয়ে যায়। এবার পুজো মিটতেই তাঁর বাড়িতে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। কিন্তু বিধায়কের দেখা মেলেনি।

একদিকে একাধিক অভিযোগ, অন্যদিকে জামিনের আবেদন খারিজ। তার মধ্যেই বাড়িতে পুলিশের হানা এবং চার ঘনিষ্ঠের গ্রেপ্তারি ঘিরে ক্যানিংয়ের রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। পুলিশের হাত থেকে বাঁচতেই কি আত্মগোপন করেছেন পরেশরাম দাস? নাকি অন্য কোথাও রয়েছেন তিনি? আপাতত সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।