Swasthya Bhaban
Swasthya Bhaban

শহরাঞ্চলের হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে নগরোন্নয়ন দফতরকে চিঠি স্বাস্থ্য দফতরের

হাসপাতাল চত্বর পরিচ্ছন্ন রাখতে চিকিৎসা সংক্রান্ত অজৈব বর্জ্য নিয়মিত পরিষ্কারের উপরে জোর দেওয়া হয়েছে। হাসপাতালের নির্দিষ্ট জায়গায় বর্জ্য ফেলার ব্যবস্থা করতে বলা হয়েছে। সেখান থেকে পুরসভার কর্মীরা নিয়মিত আবর্জনা সংগ্রহ করবেন। এ ছাড়া বহির্বিভাগ-সহ হাসপাতালের বিভিন্ন জনবহুল এলাকায় আলাদা আলাদা রঙের ডাস্টবিন রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। নির্দিষ্ট ধরনের বর্জ্যের জন্য নির্দিষ্ট রঙের ডাস্টবিন ব্যবহার করতে বলা হয়েছে। বর্জ্য সংগ্রহ ও নিষ্কাশনের সময় স্বাস্থ্যবিধি যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয়, সে বিষয়েও বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুধু হাসপাতালের ভিতর নয়, সংলগ্ন এলাকাও পরিচ্ছন্ন রাখার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। হাসপাতালের আশপাশের রাস্তা ও নর্দমা সংস্কারের প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য দফতর। পাশাপাশি আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার করা এবং প্রয়োজন অনুযায়ী গাছের ডালপালা ছাঁটাই করার কথাও বলা হয়েছে। প্রস্তাবগুলি কার্যকর করার জন্য স্থানীয় নোডাল অফিসারদের যোগাযোগের নম্বর দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে। এর ফলে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং মেডিক্যাল কলেজের অধ্যক্ষেরা প্রয়োজন হলে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

প্রসঙ্গত, শহরাঞ্চলের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে সংশ্লিষ্ট পুরসভার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই কারণেই পুর ও নগরোন্নয়ন দফতরকে চিঠি দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। লক্ষ্য, হাসপাতালগুলিতে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং স্বাস্থ্যকর পরিষেবা নিশ্চিত করা।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।