Bengal Liberty : এবার মুখ্যমন্ত্রীর স্ক্যানারে আরজি কর মেডিক্যাল কলেজে সেমিনার হলের পাশের ঘর ভাঙচুরের ঘটনা। নজরে নারায়ণস্বরূপ নিগমের ভূমিকা। উল্লেখ্য, অভয়া কাণ্ডের ৫ দিন পর রাত দখলের কর্মসূচিকে হাতিয়ার করে সেমিনার হলের পাশের ঘর ভাঙচুর করে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল বলে অভিযোগ। সেই ভাঙচুরের ঘটনায় নাম জড়িয়েছিল তৃণমূল বিধায়ক অতীন ঘোষের। একই ঘটনায় স্বাস্থ্যসচিবের ভুমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল।
এবার ওই সেমিনার হলের পাশের ঘর ভাঙচুরের ঘটনায় স্বাস্থ্যসচিবের ভুমিকা নিয়ে নতুন করে সরব হলেন নিহত চিকিৎসকের মা তথা পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। শুক্রবার আর জি করে এবিভিপি-র চিকিৎসক সংগঠনের সর্বভারতীয় সম্মেলনে রত্নার অভিযোগের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাস, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে স্বাস্থ্যসচিবকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে।

স্বাস্থ্যসচিবের ভূমিকা নিয়ে প্রশ্ন রত্নার
শুক্রবারের আরজি কর হাসপাতালে এবিভিপির চিকিৎসক সংগঠনের সর্বভারতীয় সম্মেলনে উপস্থিত ছিলেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। মেয়ের মৃত্যুর পর ঘটনাস্থলের ঘর ও সংলগ্ন শৌচালয় রাতারাতি ভেঙে সংস্কার করা হয়েছিল কেন? প্রশ্ন তোলেন তিনি। কার নির্দেশে এই কাজ হয়েছিল, তা প্রকাশ্যে আনার দাবি জানান নিহত চিকিৎসকের মা। তাঁর অভিযোগ, এই নির্দেশের নেপথ্যে যদি স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম থেকে থাকেন, তবে তিনি এখনও কীভাবে নিজের পদে বহাল রয়েছেন? রত্নার বক্তব্য, অভিযুক্তরা পদে থাকলে সাধারণ মানুষ কীভাবে ন্যায়বিচার পাবেন? তাঁর দাবি, মেয়ের সঠিক বিচার নিশ্চিত হলেই স্বাস্থ্যদফতরকে দুর্নীতিমুক্ত করার পথ প্রশস্ত হবে।
আরও খবর
অভিযোগের সত্যতা মিললে পদ হারাবেন নারায়ণস্বরূপ!
রত্নার অভিযোগকে গুরুতর বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, ঘটনার সময় তৎকালীন স্বাস্থ্যসচিব যদি ওই জায়গা ভাঙা বা প্রমাণ নষ্ট করার নির্দেশ দিয়ে থাকেন এবং এখনও পদে বহাল থাকেন, তবে বিষয়টি তিনি নিজে খতিয়ে দেখবেন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে নারায়ণস্বরূপ নিগমকে অবিলম্বে পদ থেকে সরিয়ে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। মুখ্যমন্ত্রী আরও জানান, আর জি কর হাসপাতালে সংস্কারের দায়িত্ব পূর্ত দফতরের।
স্বাস্থ্য দফতরের তরফে পূর্তদফতরকে কোনও নির্দেশ দেওয়া হয়েছিল কি-না, তা তদন্ত করে দেখা হবে। অভিযোগে কোনও ব্যক্তির জড়িত থাকার প্রমাণ মিললে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট করেন শুভেন্দু। তিনি জানান আরজি করের ঘটনায় ইতিমধ্যেই ৩ আইপিএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। এবার তাঁর আশ্বাস, অভয়া কাণ্ডে প্রয়োজনীয় সব পদক্ষেপ করবে রাজ্য সরকার। নিহত চিকিৎসক সুবিচার পাবেন বলেও প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “অভয়াকে ন্যায় বিচার দেবই, We’ll do it।”


