Bengal Liberty: বারবার কড়া বার্তা দেওয়া সত্ত্বেও মিলছে না সুরাহা। ফের উঠল তোলাবাজির অভিযোগ। গুন্ডা ট্যাক্সের নামে পাঁচ লক্ষ টাকা দাবি। সেই টাকা দিতে অস্বীকার করায় এক ব্যবসায়ীকে ঘিরে ধরে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল কলকাতার একবালপুরে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ভূকৈলাস রোড এলাকায়। আক্রান্ত ব্যবসায়ী মহম্মদ শফিকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে একবালপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, কিছু দিন আগে দুই থেকে তিন জন ব্যক্তি ব্যবসায়ী মহম্মদ শফিকের কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করেন। অভিযোগ, গুন্ডা ট্যাক্সের নামে ওই টাকা চাওয়া হয়েছিল। কিন্তু টাকা দিতে অস্বীকার করেন শফিক। এর পরেই তাঁকে ঘিরে ধরে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনার পর একবালপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযোগকারী ও অভিযুক্তরা পরস্পরের পরিচিত নন। বিভিন্ন তথ্যপ্রমাণ খতিয়ে দেখে ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।
উল্লেখ্য, তোলাবাজি নিয়ে সম্প্রতি একাধিক বার কড়া বার্তা দিয়েছেন শাসক শিবিরের নেতারা। গত ২৫ অক্টোবর ছোট ব্যবসায়ীদের কাছ থেকে হপ্তা ও চাঁদার নামে টাকা আদায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জুলুমের শিকার হলে সরাসরি থানায় অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছিলেন তিনি। অন্য দিকে, গত ৬ আগস্ট রাজ্যে তোলাবাজি পুরোপুরি বন্ধ হয়নি বলে স্বীকার করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এ ছাড়াও, সম্প্রতি পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ তোলাবাজির অভিযোগ উঠলে সংশ্লিষ্ট স্ট্যান্ড বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
আরও খবর
পাল্টা বিজেপিকে নিশানা করে তৃণমূল নেতা কুণাল ঘোষের দাবি, গত ছ’মাসে তোলাবাজি শিল্পের পর্যায়ে পৌঁছে গিয়েছে। এই আবহে একবালপুরের ঘটনা রাজ্যে তোলাবাজি নিয়ে বিতর্ক নতুন করে উস্কে দিল।


