অগ্নিমিত্রার কাছে ৯ দফা দাবি হকার্স কমিটির
অগ্নিমিত্রার কাছে ৯ দফা দাবি হকার্স কমিটির

হকারদের সমস্যা সমাধানে পুরমন্ত্রীর দ্বারস্থ! অগ্নিমিত্রার কাছে ৯ দফা দাবি হকার্স কমিটির

কমিটির দাবি, ২০১৪ সালের কেন্দ্রীয় হকার আইন কার্যকর হলেও পশ্চিমবঙ্গে এখনও তা যথাযথভাবে রূপায়িত হয়নি। অথচ এই আইন যথাযথভাবে কার্যকর হলে এক দিকে হকারদের জীবিকা সুরক্ষিত হবে, অন্য দিকে হকারদের নিয়ন্ত্রণ ও পরিচালনার কাজও সহজ হবে। সেই কারণে রাজ্যের সমস্ত পুর এলাকায় নির্বাচনের মাধ্যমে স্থায়ী ও প্রাতিষ্ঠানিক টাউন ভেন্ডিং কমিটি গঠনের দাবি জানিয়েছে সংগঠন।

কলকাতা পুরসভার ক্ষেত্রে অবিলম্বে সমস্ত হকারের সমীক্ষা, নথিভুক্তকরণ এবং ভেন্ডিং সার্টিফিকেট প্রদানের দাবি জানানো হয়েছে। শিলিগুড়ি পুরনিগমে টাউন ভেন্ডিং কমিটি থাকলেও তা নিষ্ক্রিয় বলে অভিযোগ সংগঠনের। ওই কমিটি পুনর্গঠনের দাবি জানানো হয়েছে। দার্জিলিং পুরসভায় হকারদের পুনর্বাসনের জন্য নির্মীয়মাণ স্টলগুলির কাজ দ্রুত শেষ করে তাঁদের পুনর্বাসনের দাবিও জানিয়েছে সংগঠন। পাশাপাশি রায়গঞ্জে অবিলম্বে টাউন ভেন্ডিং কমিটি গঠন, রাজরহাট-নিউটাউনের বিদ্যমান কমিটিকে স্বীকৃতি এবং বিধাননগর পুরনিগমে নতুন কমিটি গঠনের দাবিও রয়েছে স্মারকলিপিতে।

এ ছাড়াও পিএম স্বনিধি প্রকল্পের আওতায় রাজ্যে হকারদের ঋণ প্রদানের পরিস্থিতি সন্তোষজনক নয় বলে অভিযোগ তুলে মন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে সংগঠন। খাদ্যসামগ্রী বিক্রেতা হকারদের জন্য এফএসএসএআই (FSSAI)-এর প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। সংগঠনের দাবি, ইতিমধ্যেই রাজ্যের বহু হকারকে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

পাশাপাশি ২০১৪ সালের কেন্দ্রীয় হকার আইন, রাজ্যের সংশ্লিষ্ট নিয়মাবলি এবং প্রকল্পগুলি নিয়ে আলোচনার জন্য মন্ত্রীর সঙ্গে দ্রুত বৈঠকের আবেদন জানিয়েছে কমিটি। সেই সঙ্গে হকারদের জীবিকা ও অধিকার সুরক্ষায় দ্রুত প্রশাসনিক পদক্ষেপের আর্জিও জানানো হয়েছে স্মারকলিপিতে।

সম্পাদনা সংক্রান্ত দ্রষ্টব্য: মূল কপিতে ‘ফুট হকার’ শব্দটি ছিল। এফএসএসএআই-এর প্রশিক্ষণের প্রসঙ্গ বিবেচনা করে সেটি ‘খাদ্যসামগ্রী বিক্রেতা হকার’ করা হয়েছে।

Bengal Liberty