Bengal Liberty: সাধক বামাক্ষ্যাপা ছবির প্রদর্শন বন্ধ করা হল কেন? কার নির্দেশে বন্ধ করা হল ছবির শো? সিনেমা হল মালিকদের সরাসরি এই প্রশ্ন করে ধমক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু প্রশ্ন তোলাই নয়, যে সমস্ত সিনেমা হল ও মাল্টিপ্লেক্সে সাধক বামাক্ষ্যাপার প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়েছে, সেখানে অবিলম্বে ছবিটি ফের চালানোর কড়া নির্দেশ দিলেন তিনি।
মঙ্গলবার নবান্নে সিনেমা হল মালিক, মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ এবং ডিস্ট্রিবিউটারদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, বর্তমান সরকারের আমলে বাংলা ছবির প্রদর্শন নিয়ে কোনওরকম বৈষম্য বরদাস্ত করা হবে না। প্রাইম টাইমে বাংলা সিনেমা চালাতেই হবে।
উল্লেখ্য, ছোটপর্দায় জনপ্রিয় হওয়ার পর বড় পর্দায় এসেছে সাধক বামাক্ষ্যাপা। গত ২০ নভেম্বর মুক্তি পেয়েছে সাধক বামাক্ষ্যাপা। নির্মাতাদের দাবি, মুক্তির পর থেকেই ছবিটি দর্শকদের ভালো সাড়া পাচ্ছিল। অনলাইন বুকিং এও প্রচুর টাকার ব্যবসা করেছে ছবিটি।
কিন্তু আগামী ২৭ নভেম্বর একটি হিন্দি ছবি মুক্তির আগে বিভিন্ন মাল্টিপ্লেক্সে সাধক বামাক্ষ্যাপার শো কমিয়ে দেওয়া হয়। কোথাও কোথাও প্রদর্শন বন্ধের উদ্যোগও নেওয়া হয়। এর প্রতিবাদে ছবি হল থেকে প্রত্যাহারের সিদ্ধান্তের কথাও জানিয়েছিলেন নির্মাতারা। তাঁদের অভিযোগ, ভালো ব্যবসা করা সত্ত্বেও হিন্দি ছবিকে জায়গা করে দিতে বাংলা ছবির প্রদর্শনে কোপ পড়ছে। বাংলা ছবিকে সমান সুযোগ ও মর্যাদা দেওয়া হচ্ছে না।
আরও খবর
এই পরিস্থিতিতে আগেই প্রতিবাদে সরব হয়েছিলেন ছবির মুখ্য চরিত্রে অভিনয় করা সব্যসাচী এবং সহ অভিনেতারা । ছবির নির্মাতা বলেন, কোনও ভাষার ছবির বিরোধিতা করছেন না তাঁরা। প্রত্যেক ভাষার ছবি চলুক, কিন্তু বাংলা ছবিকেও সমান মর্যাদা দিতে হবে। দর্শক যখন ভালোবাসা দিচ্ছেন, হল হাউসফুল হচ্ছে, তখন অন্য ছবির জন্য বাংলা ছবির শো কমিয়ে দেওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক।
এদিকে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন অভিনেতা সব্যসাচী। তিনি বলেন, ” ভালো ছবি হলে দর্শক যে তা গ্রহণ করেন, সাধক বামাক্ষ্যাপা তার প্রমাণ। মুখ্যমন্ত্রীর এই নির্দেশ আগামী দিনে বাংলা ছবির ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা নেবে।”


