Bengal Liberty : বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘিরে নতুন করে আবহাওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবারই এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে দীপাবলির আগেই রাজ্যের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ২৮ থেকে ৩০ অক্টোবর দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বাড়তে পারে। তবে এখনই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা বা বাংলার উপকূলে তার ল্যান্ডফল নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আজ, শনিবার রাজ্যের আবহাওয়া কেমন থাকবে?
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। আপাতত বৃষ্টির বিশেষ সম্ভাবনা নেই। তবে সকাল ও সন্ধ্যার দিকে হালকা শীতের আমেজ অনুভূত হতে পারে। এরপর আবহাওয়ার পরিস্থিতিতে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। ২৭ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি, ২৮ থেকে ৩০ অক্টোবর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের গতিপ্রকৃতির উপর নজর রাখছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আপাতত আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে। তবে আগামী সপ্তাহে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের সমস্ত জেলায় হালকা বৃষ্টি হতে পারে। তবে সর্বত্র একসঙ্গে বৃষ্টি হবে না। বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা।


