Bengal Liberty : চোরবাগান সর্বজনীনের দুর্গাপুজোর প্রতিমা নিরঞ্জন হবে আগামীকাল, শনিবার। সেই প্রস্তুতিতে মণ্ডপের সামনের প্রবেশপথের একাংশ খোলার কাজ শুরু হয়েছে বলে খবর। দীর্ঘকায় প্রতিমাটি যাতে মণ্ডপের ভিতর থেকে বাইরে বের করা যায়, সেই কারণেই এই ব্যবস্থা করা হচ্ছে। তবে প্রতিমা নিরঞ্জন হলেও আপাতত মণ্ডপটি রেখে দেওয়া হবে বলে জানিয়েছেন বিশেষ তদন্তকারী দল বা সিটের প্রধান, অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী।
গত ১৭ অক্টোবর চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপে মর্মান্তিক পদপিষ্টের ঘটনার পর থেকেই গোটা এলাকা ঘিরে রেখেছিল কলকাতা পুলিশ। ঘটনার তদন্তে হাইকোর্টের নির্দেশে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করা হয়। এরপর থেকে তদন্তের স্বার্থে বারবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্তকারীরা। ফরেন্সিক বিভাগ এবং হোমিসাইড শাখার আধিকারিকরাও ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন এবং প্রাসঙ্গিক তথ্য খতিয়ে দেখেন।
এই পরিস্থিতিতে প্রতিমা নিরঞ্জন করা যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তদন্তের স্বার্থে ঘটনাস্থল সুরক্ষিত রাখা জরুরি হওয়ায় প্রতিমা বিসর্জনের অনুমতি মিলবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছিল। বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনের পর সিটের প্রধান জানিয়েছিলেন, তদন্তকারী দলের সদস্যদের কাছ থেকে প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর তা খতিয়ে দেখেই প্রতিমা নিরঞ্জনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তদন্তের স্বার্থে মণ্ডপটি রাখা প্রয়োজন বলে মনে হলে তা রেখে দেওয়া হবে, অন্যথায় প্রতিমা বিসর্জনের অনুমতি দেওয়া হবে বলেও জানান তিনি।
আরও খবর
সেই অনুযায়ী, শুক্রবার সিটের তরফে প্রতিমা নিরঞ্জনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। আগামীকাল, শনিবার প্রতিমা বিসর্জনের প্রস্তুতি শুরু হয়েছে। প্রতিমার আকার বড় হওয়ায় সেটিকে বাইরে বের করার জন্য মণ্ডপের প্রবেশপথের একাংশ খুলে ফেলা হচ্ছে। তবে প্রতিমা নিরঞ্জনের পরও তদন্তের স্বার্থে মণ্ডপটি আপাতত রেখে দেওয়া হবে বলে জানানো হয়েছে।


