Chor Bagan Stampede
Chor Bagan Stampede

চোরবাগান কাণ্ডে ধৃত সেন্টুকে আদালতে পেশ, ২৮ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজত

Bengal Liberty : চোরবাগান দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্টের ঘটনায় ধৃত পুজো কমিটির কোষাধ্যক্ষ তথা ঘোষক সঞ্জীব রাহা ওরফে সেন্টুকে ২৮ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। শুক্রবার তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। সেন্টুর হয়ে কোনও ব্যক্তিগত আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না। তাঁর হয়ে সওয়াল করেন লিগাল এইডের আইনজীবী।

চোরবাগানের মর্মান্তিক দুর্ঘটনার তদন্তে বৃহস্পতিবার নদিয়া থেকে সেন্টুকে গ্রেফতার করে পুলিশ। প্রথমে তাঁকে আটক করে লালবাজারে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাঁকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের অভিযোগ, দুর্ঘটনার সময় মাইকে তাঁর করা ঘোষণা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছিল। পুলিশের দাবি, মণ্ডপে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হওয়ার বিষয়ে ঘোষণা করা হলে দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর একসঙ্গে বেরিয়ে আসার চেষ্টা করতে গিয়ে নির্গমন পথে হুড়োহুড়ি ও চাপাচাপির পরিস্থিতি তৈরি হয়। এর জেরেই মর্মান্তিক পদপিষ্টের ঘটনা ঘটে বলে পুলিশের অনুমান।

এদিকে, শুক্রবার সকালে এই ঘটনায় আরও এক ঘোষক কুশল মজুমদারকেও গ্রেফতার করেছে পুলিশ। তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। সেন্টু ও কুশলকে গ্রেফতারের পর চোরবাগান কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ন’জন।

অন্যদিকে, ঘটনার তদন্তে গঠিত ছয় সদস্যের বিশেষ তদন্তকারী দলও সক্রিয় রয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বাধীন দল বৃহস্পতিবার দুর্ঘটনাস্থল পরিদর্শন করে। মণ্ডপের প্রবেশ ও নির্গমন পথ, বিশেষত এক্সিট গেটের পরিস্থিতি খতিয়ে দেখা হয়। জরুরি নির্গমন পথ বন্ধ থাকার বিষয়টিও তদন্তকারীদের নজরে এসেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান এবং হোমিসাইড শাখার আধিকারিকদের উপস্থিতিতে ঘটনাস্থল পরিদর্শন করেন বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী। দুর্ঘটনার সময়কার পরিস্থিতি পুনর্গঠন করে ঘটনার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিচারপতি জানান, তদন্তের রিপোর্ট জমা দেওয়ার জন্য বিশেষ তদন্তকারী দলকে তিন মাস সময় দেওয়া হয়েছে। দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেওয়াই এখন তদন্তকারী দলের লক্ষ্য।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।